সাত জনের যাবজ্জীবন
চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড
- সর্বশেষ আপডেট ০৪:১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / 14
জামালপুরের মাদারগঞ্জে চাচা-ভাতিজাকে পাটক্ষেতে নিয়ে জবাই করে হত্যার মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড এবং সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা এবং যাবজ্জীবনপ্রাপ্তদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নেজাম উদ্দিন এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন; সাখাওয়াত (২৩), সোহেল (২১), আল আমিন (২১), সাদ্দাম (২১), উজ্জ্বল (২১), অন্তর (২১) ও ফয়জুর (২৩)। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন; চাঁন মিয়া (৩১), মো. জিয়ার (৩৬), শাহ আলম (২০), কাওসার (২২), রিফাত (২২), সুমন (২১) ও মোস্তফা (৪০)। তাদের সবার বাড়ি মাদারগঞ্জ উপজেলার গজারিয়া এলাকায়।
মামলার নথি ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৬ মে রাতে আদারভিটা ইউনিয়নের গজারিয়া এলাকার মহর আলী ও স্বপন মিয়াকে গান-বাজনার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান আসামিরা। পরে সাদ্দামের কথিত প্রেমিকাকে তুলে আনার কথা বলে তাদের বানিয়াপাড়া চর এলাকার একটি পাটক্ষেতে নেওয়া হয়।
সেখানে প্রথমে মহর আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পরে জবাই করে হত্যা করা হয়। একইভাবে স্বপন মিয়াকেও হত্যা করা হয়। ঘটনার তিন দিন পর, ১৯ মে পাটক্ষেত থেকে দুজনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত স্বপন মিয়ার বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে মাদারগঞ্জ থানায় ২২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত সাত আসামিকে মৃত্যুদণ্ড এবং সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
নিহত মহর আলী গজারিয়া এলাকার আব্দুস সালাম দফদারের ছেলে এবং মির্জা আজম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। অপর নিহত স্বপন মিয়া একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে ও সানাইবান্দা ইসলামিয়া দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। সম্পর্কে তারা আপন চাচা-ভাতিজা।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ দিদারুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দিয়েছেন।





























