কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম
- সর্বশেষ আপডেট ০১:২৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
- / 111
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কাল। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। এরই মধ্যে দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে ব্যালট পেপার ও প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু করেছেন রিটার্নিং কর্মকর্তারা।
নির্বাচন কমিশন জানিয়েছে, আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতের মধ্যেই ঢাকার বাইরের সব ভোটকেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে যাবে। ঢাকাসহ বড় শহরগুলোয় এসব সরঞ্জাম আজ সন্ধ্যার মধ্যেই কেন্দ্রে পৌঁছানোর কথা রয়েছে।
আগামীকাল ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার ভোটাররা দুটি ব্যালট পেপারে ভোট দেবেন- সংসদ সদস্য নির্বাচনের জন্য সাদা ব্যালট এবং গণভোটের জন্য গোলাপি ব্যালট।
বুধবার সকাল ১০টা থেকে রিটার্নিং কর্মকর্তারা নিজ নিজ দপ্তর থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে ব্যালট পেপার ও অন্যান্য নির্বাচনী উপকরণ বিতরণ শুরু করেছেন।
নির্বাচন কমিশনের তথ্যমতে, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন। সারা দেশে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২১ হাজার ৫০৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ভোটগ্রহণের দায়িত্বে থাকবেন মোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন কর্মকর্তা। তাদের মধ্যে প্রিজাইডিং অফিসার ৪২ হাজার ৭৭৯ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন এবং পোলিং অফিসার ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন।
এবারের নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামের দুই বিভাগীয় কমিশনার, ৬৪ জন জেলা প্রশাসক এবং তিনজন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। এছাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে রয়েছেন ৫৯৮ জন।
১২ ফেব্রুয়ারি ২৯৯টি আসনে ভোট অনুষ্ঠিত হবে। ৬০টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ৫০টি দল নির্বাচনে অংশ নিচ্ছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ২ হাজার ২৮ জন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন—এর মধ্যে ৬৩ জন দলীয় এবং ২০ জন স্বতন্ত্র। পুরুষ প্রার্থীর সংখ্যা ১ হাজার ৯৪৬ জন, যাদের মধ্যে ১ হাজার ৬৯২ জন দলীয় এবং ২৫৩ জন স্বতন্ত্র প্রার্থী



































