কসবায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ০১:২৯:০৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / 11
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কলেজ শাখার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) রাতে উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন; কসবা টি. আলী কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সায়মুন চৌধুরী (৩১) এবং চারগাছ এন.আই. ভূঁইয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. আজমির হক (৩২)।
সায়মুন কসবা উপজেলার শাহপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। অন্যদিকে আজমির হক চারগাছ গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কসবা টি. আলী মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে আজমির হককে গ্রেপ্তার করা হয়। এর কিছুক্ষণ পর রাত ৮টা ৩৫ মিনিটে কসবা নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে সায়মুন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।
শনিবার গভীর রাতে জেলা পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো বার্তায় দুই ছাত্রলীগ নেতার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে কোন নির্দিষ্ট অভিযোগ বা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।




























