নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ
- সর্বশেষ আপডেট ১১:০৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / 60
১০৩ রানের ছোট পুঁজি নিয়েও সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। মাপা বোলিং ও নিয়ন্ত্রিত পারফরম্যান্সে স্বাগতিকদের ৩৪ রানে হারিয়েছে টাইগ্রেসরা।
আগামী ১০ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আর ১১ সেপ্টেম্বর দ্বিতীয় সেমিফাইনালে লড়বে পাকিস্তান ও শ্রীলঙ্কা।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তবে শারমিন আক্তারের ৩১ বলে ৩৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংসে ভর করে নির্ধারিত ওভারে ১০৩ রানের সংগ্রহ পায় দলটি। শারমিনের ইনিংসে ছিল তিনটি বাউন্ডারি।
দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন জ্যোতি। এ ছাড়া জুয়াইরা ফেরদৌস ও নাহিদা আক্তার করেন ১৬ রান করে।
বাংলাদেশের দেওয়া ১০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে আরব আমিরাত। রাবেয়া খাতুন ও মারুফা আক্তারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। মাত্র ৩৮ রানেই পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় স্বাগতিকরা।
আরব আমিরাতের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেন হেনা। তীর্থ সতীশের ব্যাট থেকে আসে ১১ রান। দলের আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। শেষ পর্যন্ত ৬৯ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।
বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল রাবেয়া খাতুন। ১৪ রান দিয়ে তিন উইকেট নেন তিনি। মারুফা আক্তার ও নাহিদা আক্তার শিকার করেন দুটি করে উইকেট।
এর আগে আরব আমিরাতের হয়ে সুরক্ষা কোতে দারুণ বোলিং করেন। ১১ রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি। ইন্ধুজা নন্দকুমার পান দুটি উইকেট।
সেমিফাইনালের সূচি
১০ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম ভারত
১১ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা
































