দীর্ঘতম রানওয়ে নিয়ে
আন্তর্জাতিক ফ্লাইটের অপেক্ষায় কক্সবাজার
- সর্বশেষ আপডেট ০৩:২৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / 88
দীর্ঘতম রানওয়ে নিয়ে সমুদ্রের নীল জলরাশির পাশেই কক্সবাজার বিমানবন্দরের সম্প্রসারিত রানওয়ে। দেশের দীর্ঘতম এই রানওয়ে ও আধুনিক টার্মিনাল এখন আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার অপেক্ষায় রয়েছে।
আন্তর্জাতিক ফ্লাইট চালুর উদ্যোগ কক্সবাজার বিমানবন্দরে নতুন নয়। এর আগে আন্তর্জাতিক ফ্লাইট চালু হলেও কারিগরি সীমাবদ্ধতার কারণে তা বন্ধ হয়ে যায়। এবার সেই সীমাবদ্ধতা কাটিয়ে ফের আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার প্রস্তুতি চলছে। আগামী অক্টোবর থেকে সম্প্রসারিত রানওয়েতে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামার কথা রয়েছে।
বিমানবন্দরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. নুর নবী বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়, কক্সবাজার বিমানবন্দরেও প্রায় একই ধরনের প্রযুক্তি রয়েছে। ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেম, এক্স-রে মেশিন ও নিরাপত্তাব্যবস্থাসহ বিভিন্ন সুবিধা প্রায় একই মানের।
সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে শুধু পর্যটন খাত নয়, কক্সবাজারের যোগাযোগব্যবস্থা ও স্থানীয় অর্থনীতিতেও এর প্রভাব পড়বে। বিদেশি পর্যটকদের পাশাপাশি প্রবাসীরাও সরাসরি কক্সবাজারে আসার সুযোগ পাবেন। একই সঙ্গে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানির ক্ষেত্রে বিমানবন্দরের কার্গো সুবিধা কাজে লাগানো সম্ভব হতে পারে।
কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা বলেন, আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে পর্যটক ও প্রবাসীরা সরাসরি কক্সবাজারে আসতে পারবেন। পাশাপাশি স্থানীয় পণ্য রপ্তানির জন্য বিমানবন্দরের কার্গো সুবিধা ব্যবহার করা গেলে অর্থনৈতিকভাবে আরও সুফল পাওয়া যেতে পারে।
আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনাকে সামনে রেখে বিমানবন্দরে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হচ্ছে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। একই সঙ্গে যাত্রীদের হয়রানি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কক্সবাজার বিমানবন্দরের ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার টার্মিনালের সিকিউরিটি সুপারভাইজার মো. সাইফুল্লাহ বলেন, যাত্রীদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা শতভাগ নিশ্চিত করার ব্যবস্থা রয়েছে।
প্রায় ১৮ হাজার বর্গমিটারের নতুন টার্মিনালে রয়েছে ১৪টি চেকইন কাউন্টার ও ১০টি ইমিগ্রেশন ডেস্ক। আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে এসব সুবিধার মাধ্যমে যাত্রীসেবা পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
































