আ. লীগের সাবেক এমপি মনোয়ার হোসেন মারা গেছেন
- সর্বশেষ আপডেট ০২:৫৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / 35
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ মো. মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
মনোয়ার হোসেন চৌধুরী গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভাই জুয়েল চৌধুরী। তিনি জানান, মঙ্গলবার রাতে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মনোয়ার হোসেন চৌধুরীর মৃত্যু হয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার প্রথম জানাজা রাজধানীর ধানমন্ডি ১২/এ তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা হবে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। এরপর জন্মভূমি কামদিয়া মাদ্রাসা প্রাঙ্গণে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
মনোয়ার হোসেন চৌধুরী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৌকা প্রতীকে গাইবান্ধা-৪ আসন থেকে নবম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সাবেক প্রধান প্রকৌশলী এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বুয়েট শাখা ছাত্রলীগের সভাপতির দায়িত্বেও ছিলেন।






























