ন্যান্সির তিন সংসার ভাঙার নেপথ্যে কোন ব্যবসায়ী?

- সর্বশেষ আপডেট ০৪:১৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / 14
জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির ব্যক্তিজীবনে আবারও বিচ্ছেদের ঘটনা ঘটেছে। গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন এই কণ্ঠশিল্পী। এর মধ্য দিয়ে ন্যান্সির তৃতীয় সংসারেরও সমাপ্তি ঘটল। তবে একের পর এক দাম্পত্য সম্পর্কে বিচ্ছেদ ঘটলেও এর সুনির্দিষ্ট কারণ এখনো প্রকাশ্যে আসেনি। ফলে প্রশ্ন উঠছে, ন্যান্সির তিনটি সংসার ভাঙার নেপথ্যে কী?
গত ২৫ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তৃতীয় বিচ্ছেদের খবর নিশ্চিত করেন ন্যান্সি। তবে বিচ্ছেদের কারণ কিংবা দাম্পত্য জীবনের অভ্যন্তরীণ কোনো বিষয় নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। ব্যক্তিগত বিষয়টির গোপনীয়তা বজায় রাখার অবস্থান নিয়েছেন এই সংগীতশিল্পী।
ন্যান্সির ব্যক্তিজীবনের দিকে তাকালে দেখা যায়, ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে ভালোবেসে বিয়ে করেন তিনি। ছয় বছরের মাথায় ২০১২ সালে সেই সম্পর্কে বিচ্ছেদ ঘটে। এরপর ২০১৩ সালের মার্চে নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন ন্যান্সি। প্রায় আট বছর সংসার করার পর ২০২১ সালে দ্বিতীয় দাম্পত্য সম্পর্কেরও অবসান ঘটে।
দ্বিতীয় বিচ্ছেদের কয়েক মাস পরই নতুন জীবন শুরু করেন এই কণ্ঠশিল্পী। ২০২১ সালের আগস্টে গীতিকার মহসিন মেহেদীকে বিয়ে করেন তিনি। শুরুতে নতুন সংসার নিয়ে আশাবাদী ছিলেন ন্যান্সি। কিন্তু পাঁচ বছর পার হওয়ার আগেই সেই সম্পর্কেও ইতি টানার ঘোষণা দিয়েছেন তিনি।
তিনটি বিয়ের পর তিনবার বিচ্ছেদের ঘটনায় ন্যান্সির ব্যক্তিজীবন নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে প্রতিটি সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে কী কারণ ছিল, তা নিয়ে তাঁর পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রথম ও দ্বিতীয় বিচ্ছেদের কারণও প্রকাশ্যে স্পষ্ট করা হয়নি। সর্বশেষ বিচ্ছেদের ক্ষেত্রেও সুনির্দিষ্ট কোনো কারণ জানাননি এই শিল্পী।
নাম প্রকাশ না করার শর্তে ন্যান্সির পরিবারিক এক সদস্য বলেন, দাম্পত্য সম্পর্কের ভাঙনের পেছনে ব্যক্তিত্বের সংঘাত, পারস্পরিক বোঝাপড়ার অভাব, মতের অমিল কিংবা নানা পারিবারিক ও ব্যক্তিগত জটিলতা কাজ করতে পারে। তবে ন্যান্সির ক্ষেত্রে এসবের কোনটি প্রভাব ফেলেছে, সে বিষয়ে এই গায়িকা সরাসরি কথা বলেন না মিডিয়াতে।
অন্য কোনো পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ন্যান্সি? এমন প্রশ্নের জবাবে তার পারিবারিক সদস্য বলেন; একজন ব্যবসায়ী সঙ্গে ন্যান্সির বোঝাপড়ার কথা তিনিও শুনেছেন। ওই ব্যবসায়ীর রাজনৈতিক কোনো পরিচয় আছে কিনা জানতে চাইলে সূত্র বলেছে, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
গানের জগতে দীর্ঘদিনের সফল পথচলায় ন্যান্সি অর্জন করেছেন অসংখ্য শ্রোতার ভালোবাসা ও পরিচিতি। কিন্তু ব্যক্তিজীবনে পরপর তিনটি দাম্পত্য সম্পর্কের সমাপ্তি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন প্রশ্ন, নিজের ব্যক্তিগত জীবনের এই অধ্যায় নিয়ে কখনো বিস্তারিত মুখ খুলবেন কি না ন্যান্সি, নাকি বিচ্ছেদের কারণগুলো তাঁর ব্যক্তিগত গোপনীয়তার মধ্যেই থেকে যাবে?































