প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা বাড়ানোর তাগিদ খাদ্যমন্ত্রীর

- সর্বশেষ আপডেট ০১:২১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 10
প্রাণিসম্পদ খাতকে ঘিরে নতুন উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেছেন, এ খাতের উৎপাদন ও সম্ভাবনা কাজে লাগাতে আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তর থেকে অনলাইনে যুক্ত হয়ে মানিকগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এবারের প্রাণিসম্পদ সপ্তাহের প্রতিপাদ্য ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’।
খাদ্যমন্ত্রী বলেন, দেশের মানুষের জন্য নিরাপদ ও মানসম্মত প্রাণিজ খাদ্য সরবরাহের পাশাপাশি প্রাণীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অধিদপ্তর কাজ করছে। মাংস ও ডিম উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করলেও দুধের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর সুযোগ রয়েছে। বিশেষ করে শিশুদের পুষ্টির চাহিদা পূরণে এ বিষয়ে আরও উদ্যোগ প্রয়োজন।
তিনি বলেন, প্রাণিসেবা মানুষের কাছে পৌঁছে দিতে উপজেলাভিত্তিক মোবাইল ভেটেরিনারি ক্লিনিক ও কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে। এসব কার্যক্রমে প্রশিক্ষিত তরুণদের যুক্ত করা গেলে উৎপাদনশীলতা বাড়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে মানিকগঞ্জের প্রাণিসম্পদ খাতের বিভিন্ন কার্যক্রমের কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, গবাদিপশু, হাঁস-মুরগি, ছাগল ও ভেড়া পালনে প্রশিক্ষণ দিয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনেও ইতিবাচক প্রভাব পড়ছে। পশুপাখির রোগ নির্ণয় ও চিকিৎসায় ফিল্ড ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরিও কাজ করছে।
দুগ্ধ খাতের উন্নয়নে সিঙ্গাইর উপজেলায় বেসরকারি উদ্যোগে ডেইরি হাব স্থাপনের বিষয়টি উল্লেখ করে আফরোজা খানম বলেন, সেখানে দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন, সংরক্ষণ এবং বাজারজাতকরণের ব্যবস্থা রয়েছে। এর মাধ্যমে খামারিদের উৎপাদিত দুধের ন্যায্যমূল্য নিশ্চিত করার সুযোগ তৈরি হয়েছে।
স্বাস্থ্যসম্মত উপায়ে দুগ্ধজাত পণ্য উৎপাদনে উদ্যোক্তাদের প্রয়োজনীয় সরঞ্জাম সহায়তা দেওয়ার উদ্যোগের প্রশংসাও করেন তিনি।
খাদ্যমন্ত্রীর মতে, প্রাণিসম্পদ খাতের এসব উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ড ও কর্মসংস্থান বাড়বে। এ জন্য মানিকগঞ্জের প্রতিটি এলাকায় নতুন উদ্যোক্তা তৈরির ওপর জোর দেন তিনি। জেলাটিকে প্রাণিসম্পদ খাতের একটি মডেল হিসেবে গড়ে তোলার আহ্বানও জানান।
এর আগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে মানিকগঞ্জ শহরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।


































