উল্লাপাড়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

- সর্বশেষ আপডেট ১১:৪৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / 3
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দূরপাল্লার যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে উল্লাপাড়া রেলওয়ে ওভারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উল্লাপাড়া পৌরশহরের ঘোঁষগাঁতী এলাকার তাহেরের ছেলে সিএনজিচালক মোনাফ এবং একই এলাকার বাসু পালের ছেলে চন্দল পাল।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সিএনজিচালিত অটোরিকশাটি ঘোঁষগাঁতী এলাকা থেকে গ্যাস নেওয়ার জন্য শাহজাদপুর উপজেলার মশিপুরের একটি গ্যাস পাম্পে যাচ্ছিল। পথে উল্লাপাড়া রেলওয়ে ওভারপাস এলাকায় পাবনা থেকে ছেড়ে আসা একটি দূরপাল্লার বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ দুজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। পরে সেগুলো থানা হেফাজতে নেওয়া হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান জানান, দুর্ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঘাতক সিলাইন পরিবহনের বাস ও চালককে আটক করা হয়েছে।































