১৬ ডিসেম্বর শেখ হাসিনার ফেরা, ভারতের বক্তব্য কী?

- সর্বশেষ আপডেট ০৮:৩৫:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / 5
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার করা প্রত্যর্পণের আবেদন প্রচলিত প্রক্রিয়ায় পর্যালোচনা করছে ভারত। তবে কোনো নাগরিক ভ্রমণ নথি নিয়ে স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে চাইলে সেটি প্রত্যর্পণের আবেদন থেকে সম্পূর্ণ আলাদা বিষয় বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (২৫ নভেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ অবস্থান তুলে ধরেন।
আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল বলেন, বিষয়টি সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সরকারের মধ্যকার। এ নিয়ে ভারতের পক্ষ থেকে নতুন করে কিছু বলার নেই।
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের আবেদনের অগ্রগতি জানতে চাইলে তিনি বলেন, ভারতের প্রচলিত ও প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুসরণ করেই বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।
একই সঙ্গে তিনি উল্লেখ করেন, কোনো নাগরিক ভ্রমণ নথি ব্যবহার করে স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে চাইলে সেটি প্রত্যর্পণের আবেদনের বিষয় থেকে আলাদা।
এর আগে মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানান, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফেরার পরিকল্পনা রয়েছে শেখ হাসিনার। এ উদ্দেশ্যে প্রয়োজনীয় ভ্রমণ নথি চেয়ে তার আইনজীবীর মাধ্যমে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
এ ছাড়া দিল্লি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে দেশে ফেরার ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের কাছেও অনুরোধ জানিয়েছেন শেখ হাসিনা।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। তার প্রায় ১৫ বছরের শাসনের অবসানের পর দেশে ফেরার বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা ও রাজনৈতিক বিতর্ক চলছে।
বাংলাদেশ সরকার এরই মধ্যে জানিয়েছে, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে। অন্যান্য দণ্ডিত পলাতক আসামির মতো তাকেও আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।
২০২৪ সালে আন্দোলনকারীদের ওপর দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে দেশে ফিরে আদালতের মুখোমুখি হওয়ার আগ্রহের কথা জানিয়েছেন তিনি।
দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে আসছে বাংলাদেশ। এ ইস্যুতে ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কে টানাপোড়েনও তৈরি হয়েছে।
এদিকে সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ নিয়েও কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনায় ভারত উদ্বিগ্ন। এসব ঘটনার নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।




































