সাতক্ষীরায় দুই নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে ধরে পুলিশে দিল বিএনপি

- সর্বশেষ আপডেট ০৭:৫০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / 9
সাতক্ষীরার সদর উপজেলার আলীপুর থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। বুধবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরা সীমান্ত কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান (১৯) ও ছাত্রলীগ কর্মী মিন্টু (১৮)। তারা দুজনই আলীপুর ইউনিয়নের ঢালিপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিকেলে আলীপুর এলাকায় মোটরসাইকেল শোডাউন করছিলেন তারা। শোডাউনটি ঢালিপাড়া ও আলীপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে সেটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় ধাওয়া দিয়ে মেহেদী ও মিন্টুকে আটক করেন বিএনপি নেতাকর্মীরা। পরে আলীপুর পুরাতন বাজারখোলা এলাকায় তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তবে শোডাউনে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি জানান, আটক দুজন সদর থানার একটি মামলার তদন্তে পাওয়া আসামি। পুলিশ আগে থেকেই তাদের খুঁজছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।






























