চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
শেখ হাসিনার পলায়ন, আশ্রয়দাতাদের বিচারের ইঙ্গিত

- সর্বশেষ আপডেট ১১:৩৬:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / 94
শেখ হাসিনা কীভাবে দেশ ছেড়ে পালিয়েছেন এবং তাকে পালাতে কেউ সহায়তা করেছিলেন কি না, তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তের আওতায় পড়ে কি না, যাচাই করে দেখবে প্রসিকিউশন। একই সঙ্গে ৫ আগস্টের পর মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের যারা আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন, তাদের বিরুদ্ধেও দণ্ডবিধিতে পৃথক অভিযোগ আনার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
বুধবার (২৫ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
শেখ হাসিনার দেশত্যাগ এবং আওয়ামী লীগ সরকারের বিভিন্ন পর্যায়ের নেতাদের দেশ ছেড়ে চলে যাওয়ার বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা কী প্রক্রিয়ায় পালিয়ে গেছেন, সেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক এখতিয়ারের মধ্যে পড়ে কি না, তা পরীক্ষা করে দেখতে হবে। তবে কোনো অপরাধীকে ব্যক্তি, সংগঠন বা প্রতিষ্ঠান আশ্রয়-প্রশ্রয় দিলে তা দণ্ডবিধির অধীনে অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। এ ক্ষেত্রে আশ্রয়দাতা বা সহযোগীদের বিরুদ্ধে পৃথক বিচারের সুযোগ রয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করা হবে।
এদিকে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা ও রাজনৈতিক নির্যাতনের ঘটনা চিহ্নিত করতে দেশজুড়ে গণশুনানি ও জরিপের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি সপ্তাহে একটি করে জেলায় এ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
গুমের মামলার অগ্রগতি সম্পর্কে আমিনুল ইসলাম বলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ, বিএনপি নেতা ইলিয়াস আলী, সুমনসহ বিভিন্ন ব্যক্তির নিখোঁজ হওয়ার ঘটনা তদন্ত করা হচ্ছে। এখনো সন্ধান মেলেনি এমন ব্যক্তির সংখ্যা প্রায় ২৮০। তারা জীবিত আছেন কি না কিংবা তাদের পরিণতি কী হয়েছে, তা অনুসন্ধান করা হচ্ছে।
এ জন্য কয়েক শ ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলা, সাক্ষ্য গ্রহণ এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহের কাজ চলছে। তদন্ত শেষ করে দ্রুত পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার আশা প্রকাশ করেন চিফ প্রসিকিউটর।
তিনি বলেন, গুমের অপরাধ নিয়ে নতুন আইন পাস হয়েছে। ব্যাপক ও পরিকল্পিতভাবে সংঘটিত গুমের ঘটনাগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারযোগ্য হবে। এ-সংক্রান্ত মামলাগুলোর বিচার কার্যক্রমও চলছে। এর মধ্যে একটি মামলা বিচারিক প্রক্রিয়ার শেষ পর্যায়ে রয়েছে।
গণশুনানির উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, গত ১৫ বছরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের প্রকৃত চিত্র সামনে আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক ঘটনায় মামলা হলেও এখনো বহু ভুক্তভোগী পরিবার আইনের আশ্রয় নেয়নি। আবার অভিযোগে অভিযুক্ত অনেক ব্যক্তি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এসব ঘটনা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে চায় প্রসিকিউশন।
এ লক্ষ্যে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের চিঠি দেওয়া হয়েছে। নির্যাতিত রাজনৈতিক দল ও সংগঠন, আহত-নিহত ব্যক্তিদের পরিবার এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তর থেকেও তথ্য সংগ্রহ করা হবে।
জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হবে। এতে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের পাশাপাশি বিশেষভাবে নির্যাতনের শিকার দল ও সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
চিফ প্রসিকিউটর জানান, যশোর থেকে গণশুনানি শুরুর পরিকল্পনা রয়েছে। তবে ২৬ নভেম্বরের সম্ভাব্য কর্মসূচি জেলা আইনজীবী সমিতির ২৮ নভেম্বরের নির্বাচনকে কেন্দ্র করে পরিবর্তিত হতে পারে। সে ক্ষেত্রে অন্য কোনো জেলায় কার্যক্রম শুরু করা হবে। আগামী সপ্তাহ থেকে ধারাবাহিকভাবে এ কর্মসূচি আয়োজনের লক্ষ্য রয়েছে।
গণশুনানিতে কোনো ঘটনার মামলা থাকলে সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করা হবে। মামলা না থাকলে ভুক্তভোগী পরিবারকে শনাক্ত করে তাদের বক্তব্য নেওয়া হবে। কোনো ঘটনা ট্রাইব্যুনালের বিচারিক এখতিয়ারভুক্ত হলে তদন্তের মাধ্যমে বিচারের উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনে গণশুনানির সময় অপরাধে জড়িত কাউকে পাওয়া গেলে গ্রেপ্তারও করা হতে পারে।
গণশুনানির আইনগত ভিত্তি নিয়ে প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থার আইনগতভাবে তদন্ত এবং অভিযোগ দাখিলের ক্ষমতা রয়েছে। ফলে এ কর্মসূচি আইনগত এখতিয়ারের মধ্যেই পরিচালিত হবে।
আয়নাঘরসহ বিভিন্ন গোপন বন্দিশালায় সংঘটিত অপরাধের বিষয়ে তিনি বলেন, কাউকে বেআইনিভাবে আটকে রাখার উদ্দেশ্যে আয়নাঘর বা এ ধরনের স্থাপনা প্রতিষ্ঠা করা হয়ে থাকলে তা মানবতাবিরোধী অপরাধের অংশ হতে পারে। টিএফআই সেল ও জেআইসিসহ বিভিন্ন স্থানে সংঘটিত কর্মকাণ্ডের তথ্য-প্রমাণ তদন্তে সংগ্রহ করা হচ্ছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে।
চিফ প্রসিকিউটর বলেন, অতীতের অপরাধের বিচার নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে দেশে যাতে আর গুম, বিচারবহির্ভূত হত্যা, ক্রসফায়ার কিংবা এ ধরনের অমানবিক অপরাধ না ঘটে, সে বিষয়ে রাষ্ট্র ও সমাজকে স্পষ্ট বার্তা দিতে চায় ট্রাইব্যুনাল।































