নগদের প্রশাসককে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

- সর্বশেষ আপডেট ০৭:২৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 120
মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লিমিটেডের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। নগদের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চলমান অনুসন্ধানের মধ্যে সোমবার এ আদেশ দেওয়া হয়।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের আবেদনে বলা হয়, নগদ লিমিটেডের অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে সংস্থাটির অনুসন্ধান চলছে। এ অনুসন্ধানের আওতায় থাকা মোতাছিম বিল্লাহ দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তিনি বিদেশে চলে গেলে অনুসন্ধান দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি কার্যক্রম ব্যাহত হতে পারে।
এ পরিস্থিতিতে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান নিশ্চিত করতে মোতাছিম বিল্লাহ যাতে দেশত্যাগ করতে না পারেন, সে জন্য আদালতের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে দুদক। সংস্থাটির প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মিরাজ আবেদনটি করেন।
এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নগদের প্রশাসকের দায়িত্বে পরিবর্তন আনা হয়। তৎকালীন প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে মো. মোতাছিম বিল্লাহকে প্রতিষ্ঠানটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।































