সেন্টমার্টিনে আটকে পড়া ৯০০ পর্যটকের ঘরে ফেরা

- সর্বশেষ আপডেট ০৬:৩২:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 15
তিন দিন বন্ধ থাকার পর কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে আবারও পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। সাগরের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রোববার (২২ নভেম্বর) সকাল থেকে এ রুটে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়। এতে সেন্টমার্টিনে আটকে পড়া ৯ শতাধিক পর্যটক কক্সবাজারে ফিরতে শুরু করেছেন।
রোববার সকালে কক্সবাজারের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটি থেকে পাঁচটি পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়। এসব জাহাজে করে দ্বীপটিতে পৌঁছান ১ হাজার ৮৭০ জন পর্যটক।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম জানান, দ্বীপে আটকে থাকা ৯ শতাধিক পর্যটককে নিয়ে জাহাজগুলো বিকেল ৪টার দিকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকায় পর্যটকদের নিরাপদে ফিরে আসার আশা করা হচ্ছে।
এর আগে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠলে গত বৃহস্পতিবার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়। এতে দেড় হাজারের বেশি পর্যটক সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়েন। পরে শনিবার কাঠের নৌকায় টেকনাফের শাহপরীর দ্বীপ হয়ে প্রায় ৬০০ পর্যটক কক্সবাজারে ফিরে আসেন।
জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, সাগরের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রোববার থেকে আবারও জাহাজ চলাচল শুরু হয়েছে।
কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানান, রোববার সকাল থেকে ৩ নম্বর সতর্কসংকেত তুলে নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
তিন দিন পর জাহাজ চলাচল শুরু হওয়ায় দ্বীপে আটকে পড়া পর্যটকদের ফেরার পথ স্বাভাবিক হয়েছে। একই সঙ্গে পর্যটকদের যাতায়াত নিয়েও স্বস্তি ফিরেছে সংশ্লিষ্টদের মধ্যে।




































