ঐতিহ্যের মর্যাদা ফিরুক ঢাকা কলেজে: রাষ্ট্রপতি

- সর্বশেষ আপডেট ০৪:০৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / 74
ঢাকা কলেজকে তার ঐতিহ্য ও মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকার পরিবর্তন হলেও দেশের অন্যতম প্রাচীন এই শিক্ষাপ্রতিষ্ঠানকে যথাযথ গুরুত্ব দিতে হবে। শিক্ষার মানের দিক থেকে কলেজটিকে আবারও শীর্ষ অবস্থানে ফিরিয়ে আনতে হবে।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, ঢাকা কলেজ শুধু বাংলাদেশের নয়, সমগ্র উপমহাদেশের গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি। ব্রিটিশ শাসনামল থেকে শুরু করে পাকিস্তান ও স্বাধীন বাংলাদেশ; প্রতিটি সময়েই এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজনীতি, প্রশাসন, শিক্ষা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন।
কলেজটির বর্তমান অবকাঠামো ও শিক্ষার পরিবেশ নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আবাসন, উন্নত লাইব্রেরি, গবেষণাগার ও কম্পিউটার ব্যবহারের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। এসব সীমাবদ্ধতা দ্রুত দূর করতে হবে।
দেশের শিক্ষাব্যবস্থা সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী স্নাতক শেষ করলেও তাঁদের উপযোগী কর্মসংস্থান তৈরি হচ্ছে না। শিক্ষাকে এমনভাবে সাজাতে হবে, যাতে অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের অর্থনীতি এবং মানুষের কল্যাণে কাজে লাগে।
চতুর্থ শিল্পবিপ্লব ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থাকে আধুনিক করতে হবে। তথ্যপ্রযুক্তি ও এআইয়ের ব্যবহার বাড়ানোর পাশাপাশি এসব প্রযুক্তিকে মানবকল্যাণে কাজে লাগানোর উপায়ও শিক্ষার্থীদের শেখাতে হবে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শিক্ষা সংস্কারের উদ্যোগ স্মরণ করে মির্জা ফখরুল বলেন, তাঁর সময়ে গঠিত শিক্ষা কমিশনের প্রতিবেদনটি খুঁজে দেখা প্রয়োজন। এ বিষয়ে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। শিক্ষার্থীদের মাধ্যমে নিরক্ষর মানুষকে সাক্ষর করার উদ্যোগের কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি।
শিক্ষকদের দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা, চিন্তাশক্তি ও সৃজনশীলতা বিকাশেও শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। গবেষণা, মুক্তবুদ্ধির চর্চা ও সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেন তিনি।
ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের আন্দোলন পর্যন্ত দেশের বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে শিক্ষার্থীদের অবদানের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, একটি শিক্ষিত, নৈতিক ও মানবিক প্রজন্মই উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে পারে।
দেশের চলমান অস্থিরতা প্রসঙ্গে তিনি বলেন, আগুন-সন্ত্রাস, মানুষ হত্যা, যানবাহনে অগ্নিসংযোগ এবং কলকারখানা বন্ধের মতো ঘটনা থেকে বেরিয়ে আসতে হবে। নিজেদের ক্ষতি করে কোনো জাতি উন্নতি করতে পারে না।
ঢাকা কলেজের উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, শিক্ষামন্ত্রী জানিয়েছেন, বাজেটের অভাব নেই; প্রয়োজন উদ্যোগ ও কাজের অগ্রগতি। কলেজটির শিক্ষার পরিবেশ উন্নয়নে তিনি নিজের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
































