বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে আগুন

- সর্বশেষ আপডেট ১০:২৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / 86
বরিশাল নগরীতে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে তিনতলা ভবনটির নিচতলার একটি কক্ষ ও আসবাবপত্র পুড়ে গেছে। ভাঙচুর করা হয়েছে জানালার কাচ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরীর কলেজ রোডসংলগ্ন বৈদ্যপাড়া এলাকার নাসির উদ্দিন সড়কে অবস্থিত তহুরা মঞ্জিল নামের ওই বাসভবনে এ ঘটনা ঘটে।
সন্ধ্যার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি দল বাসভবনটিতে প্রবেশ করে ভাঙচুর শুরু করে। এ সময় ভবনের জানালার কাচ ভাঙচুর করা হয়।
একপর্যায়ে নিচতলার একটি কক্ষে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। পরে হামলাকারীরা চলে গেলে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ওই বাসভবনে জিয়াউল আহসানের ছোট ভাই বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব বসবাস করতেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি সেখানে থাকেন না। জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন। বাসাটিতে ভাড়াটিয়ারা বসবাস করছেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার বগুড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজুর রহমান জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা এ হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।



































