রাতের আঁধারে গ্রেপ্তার, মুক্তিযোদ্ধার সন্তানের মুক্তি চায় উদীচী

- সর্বশেষ আপডেট ১০:৪৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / 129
যশোরের চৌগাছায় বীর মুক্তিযোদ্ধার সন্তান ও কলেজশিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেনকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার এবং মিথ্যা মামলায় কারাগারে পাঠানোর অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। একই সঙ্গে তার অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছে সংগঠনটি।
বুধবার (১৮ নভেম্বর) এক বিবৃতিতে উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, গত ১৩ নভেম্বর দিবাগত রাত ১টা ৫৪ মিনিটে যশোরের চৌগাছা উপজেলার বুন্দলিতলা গ্রামের নিজ বাসা থেকে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই মোহাম্মদ আলমগীর হোসেনকে আটক করা হয়। বর্তমানে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
আলমগীর হোসেন চৌগাছার এস এম হাবিবুর রহমান পৌর ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক। পাশাপাশি তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চৌগাছা শাখা সংসদের সহসাধারণ সম্পাদক এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের যশোর জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বীর মুক্তিযোদ্ধা মো. শাজাহান আলীর সন্তান।
বিবৃতিতে উদীচীর নেতারা বলেন, কোনো নাগরিককে গ্রেপ্তারের ক্ষেত্রে আইনানুগ প্রক্রিয়া, সাংবিধানিক অধিকার ও মানবিক মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। রাতের আঁধারে বাসভবন থেকে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। হয়রানিমূলক মামলা কিংবা বেআইনি গ্রেপ্তারের মাধ্যমে কাউকে হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত দেশে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠককে এভাবে হয়রানির শিকার হতে হবে, তা কাম্য নয়। এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে মোহাম্মদ আলমগীর হোসেনের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা।































