হামলা-আগুনে বন্ধ টুঙ্গিপাড়া থানার কার্যক্রম

- সর্বশেষ আপডেট ০৬:৩৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 72
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় থানার সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত থেকে থানায় পুলিশি কার্যক্রম বন্ধ থাকায় বুধবারও কোনো পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা যায়নি। আগুনে পুড়ে গেছে আসবাব ও গুরুত্বপূর্ণ সরঞ্জাম। ভাঙচুর করা হয়েছে কম্পিউটারসহ বিভিন্ন মালামাল।
বুধবার দুপুরে থানায় গিয়ে দেখা যায়, ভবনের প্রবেশপথের কলাপসিবল গেট বন্ধ থাকলেও তালা দেওয়া নেই। ভেতরের বিভিন্ন কক্ষে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের চিহ্ন ছড়িয়ে রয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষ। সেখানে কয়েকটি চেয়ারের শুধু লোহার কাঠামো এবং একটি রেফ্রিজারেটরের পোড়া অংশ পড়ে থাকতে দেখা যায়।
ডিউটি অফিসারের কক্ষে টেবিলজুড়ে ছড়িয়ে ছিল ভাঙা কাচের টুকরা। একটি ডেস্কটপ কম্পিউটারও ভাঙা অবস্থায় পড়ে ছিল। পাশের হাজতখানার তালা ও দরজা ভাঙা। উপপরিদর্শকদের (এসআই) কার্যালয়ের কম্পিউটারগুলোও ভাঙচুর করা হয়েছে। আগুনে পুড়েছে বই, চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাব।
থানার দোতলায় পুলিশ সদস্যদের ব্যারাকেও একই চিত্র দেখা যায়। সেখানে পোশাক, তোশক, কম্বলসহ ব্যক্তিগত জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে ছিল। দুই এসআইকে সাধারণ পোশাকে নিজেদের মালামাল খুঁজতে দেখা যায়। নিচতলায়ও দুই পুলিশ সদস্যকে জিনিসপত্র খুঁজতে দেখা গেছে।
এক পুলিশ সদস্য জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে আটজনকে গ্রেপ্তারের পর স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছোড়ে। এরপর বিক্ষুব্ধ ব্যক্তিরা থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, হামলার সময় পুলিশের মোট নয়টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার বেলা তিনটার দিকে পুলিশ সদস্যদের দুটি ট্রাংক এবং একটি পোড়া মোটরসাইকেল ভ্যানে করে থানা থেকে সরিয়ে নিতে দেখা যায়।
এদিকে হামলার সময় থানা থেকে বেশ কিছু অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, থানায় পুলিশের নিজস্ব অস্ত্রের পাশাপাশি সাধারণ মানুষের জমা দেওয়া অস্ত্র এবং অন্য জেলা থেকে আসা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অস্ত্রও ছিল। হামলার সময় এসব অস্ত্রের কয়েকটি নিয়ে যান বিক্ষোভকারীরা।
ওই কর্মকর্তা আরও জানান, পরে স্থানীয় কয়েকজন ব্যক্তি ফোন করে কিছু অস্ত্র ফেরত দিয়েছেন। কিছু অস্ত্র উদ্ধারও হয়েছে। তবে অল্প কয়েকটি অস্ত্র এখনো নিখোঁজ থাকতে পারে। অস্ত্রের গণনা শেষ না হওয়া পর্যন্ত সঠিক সংখ্যা নিশ্চিত করা সম্ভব নয়।
থানার কার্যক্রম কীভাবে পরিচালিত হচ্ছে, তা জানতে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ওসি ইমরানুল কবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। বিকেল সোয়া চারটার দিকে গোপালগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় আটজনকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় জড়ো হয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।





























