শিরোনাম
২ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ
- সর্বশেষ আপডেট ১০:৫৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 68
পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা ৫ মিনিটের দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল শুরু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
এর আগে, ভোর ৫টা ৪৫ মিনিট থেকে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে দৌলতদিয়া ঘাটে নদী পারাপারের অপেক্ষায় আটকা পড়ে বেশ কিছু যানবাহন। শীতের হিমেল বাতাসে দুর্ভোগে পড়েন চালক ও যাত্রীরা।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক বশির আহম্মেদ খান জানান, কুয়াশার ঘনত্ব কমে আসায় সকাল ৮টা ৫ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে এ নৌরুটে ছোট-বড় ১০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।































