পাঁচ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

- সর্বশেষ আপডেট ০৭:৩৬:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 113
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর আবার ফেরি চলাচল শুরু হয়েছে। ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালনের কারণে ফেরি চলাচল বন্ধ ছিল। বিআইডব্লিউটিসির চেয়ারম্যানের আশ্বাসের পর শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে কর্মবিরতি প্রত্যাহার করা হলে নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
শুক্রবার নরসিংহপুর ফেরিঘাটের কাছে ফেরি কাকলীর সঙ্গে একটি বালুবাহী বাল্কহেডের সংঘর্ষ হয়। এ সময় ফেরিতে থাকা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন শিক্ষার্থীকে চাপা দেয়। এতে তরিকুল ইসলাম (১০) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়।
এ ঘটনায় চাঁদপুরের আলুবাজার নৌ-পুলিশ ফাঁড়ি ফেরির প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে। পরে ওই মামলায় মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
এর প্রতিবাদে শনিবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন বিআইডব্লিউটিসির ফেরির কর্মকর্তা-কর্মচারীরা। তাদের দাবি, অন্যায়ভাবে মাস্টারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মুক্তি না দেওয়া পর্যন্ত ফেরি পরিচালনা করবেন না বলেও ঘোষণা দেন তারা।
কর্মবিরতির কারণে নৌরুটের দুই প্রান্তে পারাপারের অপেক্ষায় দেড় শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে যাত্রী, চালক ও ব্যবসায়ীদের দুর্ভোগে পড়তে হয়। পরে চেয়ারম্যানের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করা হলে ফেরি চলাচল শুরু হয়।
বিআইডব্লিউটিসি মাস্টার অ্যাসোসিয়েশনের (বীমা) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুর রব বলেন, চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন, শনিবারের মধ্যেই গ্রেপ্তার হওয়া মাস্টারকে তাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে। এ আশ্বাসের ভিত্তিতে আপাতত কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। অন্যথায় রোববার থেকে সারা দেশে কর্মবিরতি পালনের কর্মসূচি দেওয়া হবে।
বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, চেয়ারম্যানের সঙ্গে আলোচনা ও শর্তসাপেক্ষ আশ্বাসের পর মাস্টার অ্যাসোসিয়েশন কর্মবিরতি প্রত্যাহার করেছে। এরই মধ্যে ফেরি চলাচল শুরু হয়েছে।
































