ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫০০ ছাড়িয়েছে

- সর্বশেষ আপডেট ০৫:৩৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / 102
দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০২ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে দুজন এবং খুলনা বিভাগে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি ৬৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৫১ জন, খুলনায় ২০১ জন, বরিশালে ১৮৪ জন, রাজশাহীতে ১৪৫ জন, রংপুরে ৭১ জন, ময়মনসিংহে ৬১ জন এবং সিলেট বিভাগে ১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৫০২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ২৫১ জন। এ ছাড়া খুলনা বিভাগে ৮৭ জন, চট্টগ্রামে ৪৯ জন, ময়মনসিংহে ৪০ জন, বরিশালে ৩২ জন, রাজশাহীতে ৩১ জন, রংপুরে আটজন এবং সিলেট বিভাগে চারজনের মৃত্যু হয়েছে।































