আদালত থেকে পালাচ্ছে আসামি, দায় কার?

- সর্বশেষ আপডেট ১২:৫৫:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / 71
ঢাকার আদালত চত্বর থেকে আসামি পালানোর ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। কখনো এজলাস থেকে, কখনো হাজতখানা, আবার কখনো প্রিজন ভ্যান থেকে পালিয়ে যাচ্ছে বিভিন্ন মামলার আসামিরা। এসব ঘটনায় আদালতের নিরাপত্তাব্যবস্থা ও পুলিশের দায়িত্ব পালনের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।
সর্বশেষ গত ১০ নভেম্বর ঢাকার দক্ষিণখান থানার একটি হত্যা মামলার আসামি কাউসার মিয়া আদালত থেকে পালিয়ে যায়। কাশিমপুর কারাগার থেকে হাজিরার জন্য তাকে ঢাকায় আনা হয়েছিল। আদালতের এজলাস থেকে হাজতখানায় নেওয়ার সময় কৌশলে পালিয়ে যায় সে। অবশ্য দুই দিন পর নেত্রকোনা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে গত ৬ অক্টোবর আদালত থেকে হাতকড়া খুলে পালিয়ে যায় আসামি শরিফুল। আর ২৭ সেপ্টেম্বর আদালত থেকে কারাগারে নেওয়ার পথে প্রিজন ভ্যান থেকে পালিয়ে যায় চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী পিচ্চি রাজা। এসব ঘটনায় দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়। পুলিশের প্রসিকিউশন বিভাগের তথ্য অনুযায়ী, গত ছয় বছরে ঢাকার আদালত থেকে আট আসামি পালানোর ঘটনা ঘটেছে।
অথচ প্রতিদিন ঢাকার আদালতে কারাগার থেকে ছয় শতাধিক আসামিকে হাজির করা হয়। পাশাপাশি মামলার শুনানি ও অন্যান্য কাজে আদালতে আসেন হাজারো মানুষ। এত বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে আদালত চত্বরে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার থাকার কথা থাকলেও বাস্তবে রয়েছে নানা সীমাবদ্ধতা। হাজতখানা থেকে বিভিন্ন আদালতে আসামিদের আনা-নেওয়ার পথেও পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা নেই।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ওমর ফারুক ফারুকী মনে করেন, আসামি আনা-নেওয়ার ক্ষেত্রে পুলিশকে আরও সতর্ক হতে হবে। তাঁর মতে, আসামিদের নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ সদস্য নিয়োগের পাশাপাশি এ দায়িত্বে দক্ষ ও চৌকস সদস্যদের রাখা জরুরি।
প্রসিকিউশন পুলিশের দাবি, জনবল সংকটের কারণে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। তাদের অধিকাংশ সদস্য ভিআইপি আসামিদের আনা-নেওয়ার দায়িত্বে ব্যস্ত থাকেন। ফলে সাধারণ আসামিদের নিরাপত্তায় তুলনামূলক কম পুলিশ সদস্য নিয়োজিত থাকেন।
প্রসিকিউশনের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, মাত্র ১০০ থেকে ১১০ জন পুলিশ সদস্যকে দিয়ে ৫০০ থেকে ৬০০ আসামিকে বিভিন্ন আদালতে আনা-নেওয়া করতে হয়। এতে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। তবে আসামি পালানোর ঘটনা ঠেকাতে ইতিমধ্যে একটি দক্ষ টিম গঠন করা হয়েছে। এই টিমের মাধ্যমে গুরুত্বপূর্ণ আসামিদের আদালতে আনা-নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।
তবে জনবল সংকটের পাশাপাশি আদালত চত্বরে দায়িত্বে থাকা কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগও রয়েছে। অভিযোগ অনুযায়ী, অর্থের বিনিময়ে কোনো কোনো আসামিকে হাজতখানা কিংবা প্রিজন ভ্যান থেকে স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয়। এমনকি মুঠোফোনে কথা বলার সুযোগ পাওয়ার ঘটনাও দেখা যায়।
সব মিলিয়ে আদালত চত্বর থেকে আসামি পালানোর ধারাবাহিক ঘটনায় নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা সামনে এসেছে। জনবল সংকট, নজরদারির ঘাটতি এবং দায়িত্ব পালনে অনিয়ম বন্ধ করা না গেলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা থেকেই যাচ্ছে।
সূত্র: স্টার নিউজ






























