জুলাইয়ের স্মৃতিচিহ্নেও হামলা, প্রশ্নের মুখে নিরাপত্তা

- সর্বশেষ আপডেট ০৩:৫০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 91
জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর একের পর এক হামলা, অগ্নিসংযোগ ও স্মৃতিচিহ্ন ভাঙচুরের ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাইযোদ্ধা হাসিবের ওপর হামলা এবং কুষ্টিয়ায় এনসিপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এসব ঘটনায় সংসদেও ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সংসদ সদস্য থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কর্মীরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন। সরকার তাদের নিরাপত্তা দিতে পারবে কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।
শুধু জুলাইযোদ্ধা বা রাজনৈতিক নেতারাই নন, বিভিন্ন জেলায় জুলাই অভ্যুত্থানের স্মৃতিচিহ্নও হামলার শিকার হচ্ছে। চাঁদপুর, কুষ্টিয়া, যশোর ও ময়মনসিংহে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মীর মুগ্ধের প্রতিকৃতি কালিতে ঢেকে দেওয়া হয়েছে।
এসব ঘটনায় সরকারের উদাসীনতার অভিযোগ তুলেছেন এনসিপি নেতারা। চট্টগ্রাম মহানগর এনসিপির সদস্যসচিব আরিফ মইনুদ্দিনের অভিযোগ, জুলাইযোদ্ধাদের পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে। অন্যদিকে, এনসিপির সহসম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ জিহান দাবি করেন, প্রশাসনের ভেতরে থাকা আওয়ামী লীগের একটি অংশকে ব্যবহার করে এসব হামলা চালানো হচ্ছে।
তবে বিএনপি নেতারা এসব ঘটনার দায় এককভাবে সরকারের ওপর চাপানোর বিরোধিতা করেছেন। রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, জুলাই কোনো নির্দিষ্ট দলের সম্পদ নয়, এটি পুরো দেশের মানুষের অর্জন। পারস্পরিক দোষারোপ না করে ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি।
বিশ্লেষকদের মতে, রাজনৈতিক পরিচয় যা-ই হোক, প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সুজনের সিলেট জেলা শাখার সভাপতি সৈয়দা শিরিন আক্তার হামলার ঘটনাগুলো তদন্ত করে অপরাধীদের শনাক্ত ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।
রাজনৈতিক ব্যক্তিত্ব সালেহ আহমেদ খসরুর মতে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারলেই রাজনৈতিক নেতাকর্মীদের নিরাপত্তাও অনেকাংশে নিশ্চিত হবে।
বিশ্লেষকেরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকরভাবে পুনর্গঠন এবং রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন।





























