মোংলায় জলবায়ু ন্যায্যতার দাবিতে সাইকেল র্যালি

- সর্বশেষ আপডেট ০৩:৪৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 134
জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে ঋণের পরিবর্তে অনুদান, জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ এবং শতভাগ নবায়নযোগ্য জ্বালানির দাবি জানিয়ে মোংলায় সাইকেল র্যালি, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় মোংলার কানাইনগর এলাকায় পশুর নদীর তীরে এ কর্মসূচি পালন করা হয়। তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনকে কেন্দ্র করে বৈশ্বিক সংহতি কর্মসূচির অংশ হিসেবে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পশুর রিভার ওয়াটারকিপার, উদয়ন যুব সংঘ ও ওয়াটারকিপার্স বাংলাদেশ যৌথভাবে এ আয়োজন করে।
সমাবেশে বক্তারা বলেন, জলবায়ু সংকট সৃষ্টিতে বাংলাদেশের অবদান নগণ্য হলেও দেশটি এর ভয়াবহ ক্ষতির শিকার হচ্ছে। অথচ ঐতিহাসিকভাবে দায়ী ধনী দেশ ও দূষণকারী কোম্পানিগুলোকে জবাবদিহির আওতায় আনা হচ্ছে না। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলা, অভিযোজন ও পুনর্বাসনে ঋণের পরিবর্তে অনুদান নিশ্চিত করতে হবে।
সভাপতির বক্তব্যে ধরা’র কেন্দ্রীয় নেতা ও পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ বলেন, সুন্দরবনবিনাশী রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রসহ সব জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানিতে ন্যায্য রূপান্তর নিশ্চিত করতে হবে।
ধরা’র নেত্রী কমলা সরকার বলেন, বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করতে হবে। ২০৫০ সালের মধ্যে নিট শূন্য কার্বন নিঃসরণ অর্জনের লক্ষ্য বাস্তবায়ন জরুরি।
ওয়াটারকিপার্স বাংলাদেশের মেহেদী হাসান পরিবেশবান্ধব কৃষি, স্থানীয় বীজ সংরক্ষণ এবং খাদ্য উৎপাদন ব্যবস্থায় করপোরেট একচেটিয়া নিয়ন্ত্রণ বন্ধের দাবি জানান। অন্যদিকে উদয়ন যুব সংঘের জানে আলম বাবু সুন্দরবনসহ নদী, বন ও জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন ক্লাইমেট অ্যাকশন ফোরামের সাধারণ সম্পাদক আবু হাসান, পশুর রিভার ওয়াটারকিপারের সংগঠক অসীমা মণ্ডল ও বৃষ্টি সরকার।
কর্মসূচিতে জলবায়ু উদ্বাস্তু, জেলে, বনজীবী ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষ অংশ নেন।































