অভাবে সন্তান বিক্রি, উদ্ধার করল প্রশাসন

- সর্বশেষ আপডেট ০৬:৫৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 136
বাগেরহাটের মোড়েলগঞ্জে অভাব-অনটন ও পারিবারিক অসহায়ত্বের কথা জানিয়ে ১৫ মাস বয়সী নিজের শিশুপুত্রকে ৩০ হাজার টাকায় অন্যের কাছে তুলে দিয়েছেন এক মা। বিষয়টি জানাজানি হওয়ার পর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে শিশুটিকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুরে মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহর বাসভবনে শিশু ও সংশ্লিষ্ট দুই পক্ষকে হাজির করা হয়।
এর আগে বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বারইখালী গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হলে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসনের নজরে আসে। পরে ইউএনওর উদ্যোগে শিশুটিকে উদ্ধার করা হয়।
শিশুটির মা অনিকা আক্তার উপজেলার বারইখালী গ্রামের পলাশ শেখের মেয়ে। প্রায় দুই বছর আগে চট্টগ্রামে হাসান চৌধুরীর সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে জন্ম নেয় ছেলে আল-আমিন। বর্তমানে শিশুটির বয়স এক বছর তিন মাস।
অনিকা আক্তার জানান, বিয়ের পর থেকে স্বামী হাসান চৌধুরী তাঁর ও সন্তানের যথাযথ খোঁজখবর রাখতেন না। এতে সংসারে আর্থিক সংকট দেখা দেয়। একপর্যায়ে তিনি নিজেও অসুস্থ হয়ে পড়েন। চরম অভাব ও অসহায়ত্বের কারণে শিশুটিকে ৩০ হাজার টাকার বিনিময়ে অন্যের কাছে তুলে দেন।
তিনি বলেন, ‘আমি এখন আমার ছেলেকে রাখতে চাচ্ছি না। কারণ, আমি নিজেই অসুস্থ। আমি চাই, ছেলেটা যেখানে ভালো থাকবে, মানুষ হতে পারবে, সবাই মিলে তাকে সেখানে দিক।’
শিশুটিকে মোংলা পৌর শহরের বাসিন্দা মো. শহিদুল ওরফে ন্যাবো শহিদুলের স্ত্রী নুরজাহান বেগমের কাছে দেওয়া হয়েছিল।
শিশুটির নানা পলাশ শেখ বলেন, তাঁর বয়স হয়েছে। তিনি নিজেও বিভিন্ন রোগে আক্রান্ত। নিজের চিকিৎসার খরচ জোগাড় করতেই হিমশিম খেতে হয়। এ অবস্থায় মেয়ে ও নাতির ভরণপোষণের দায়িত্ব নেওয়া তাঁর পক্ষে কঠিন।
এ বিষয়ে মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, শিশুটিকে উদ্ধার করা হয়েছে। আইনগতভাবে এভাবে শিশু বিক্রির কোনো সুযোগ নেই। আপাতত আর্থিক সহযোগিতা দিয়ে শিশুটিকে তার মায়ের জিম্মায় দেওয়া হবে। পরবর্তী সময়ে আইনগত প্রক্রিয়ায় শিশুটির দায়িত্ব নিতে আগ্রহীদের আবেদন যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
































