বেঁচে থাকলে আজ ৬৩ বছরে পা দিতেন
রাজনৈতিক বাঁকবদলের সাক্ষী সাংবাদিক পীর হাবিবুর

- সর্বশেষ আপডেট ০৮:৪৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 234
দেশের প্রথিতযশা সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও কলাম লেখক পীর হাবিবুর রহমানের জন্মদিন আজ। ১৯৬৩ সালের ১২ নভেম্বর সুনামগঞ্জ শহরের হাসননগরে জন্মগ্রহণ করেন তিনি। বেঁচে থাকলে আজ ৬৩ বছরে পা দিতেন এই সাহসী ও অনুসন্ধিৎসু সাংবাদিক। তবে ২০২২ সালের ৫ ফেব্রুয়ারি মাত্র ৫৮ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।
পীর হাবিবুর রহমান শুধু একজন সাংবাদিক ছিলেন না, বাংলাদেশের রাজনীতির নানা বাঁকবদলের সময়ের একজন প্রত্যক্ষ পর্যবেক্ষকও ছিলেন। তাঁর লেখনীতে উঠে এসেছে দেশের রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা, ক্ষমতার পালাবদল, রাজনীতিকদের উত্থান-পতন এবং সমসাময়িক ঘটনাপ্রবাহ। রাজনৈতিক বিশ্লেষক হিসেবে তাঁর নিজস্ব একটি পাঠকগোষ্ঠী তৈরি হয়েছিল।
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক এবং সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন পীর হাবিব। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ১৯৮৪ সালে তাঁর সাংবাদিকতা জীবনের হাতেখড়ি। ছাত্রজীবন থেকেই রাজনীতি, সাহিত্য ও সাংবাদিকতার প্রতি তাঁর আগ্রহ ছিল। রাজশাহী প্রেসক্লাব প্রতিষ্ঠার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।
১৯৯১ সালে পেশাদার সাংবাদিকতা শুরু করেন পীর হাবিবুর রহমান। ১৯৯২ সালে দৈনিক বাংলাবাজার পত্রিকার যাত্রার শুরু থেকেই যুক্ত হন তিনি। সেখানে জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালনের পর দৈনিক যুগান্তরে বিশেষ সংবাদদাতা হিসেবে কাজ করেন। পরবর্তী সময়ে দৈনিক আমাদের সময়, আমাদের অর্থনীতি ও মানবকণ্ঠে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বশেষ দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। অনলাইন সংবাদমাধ্যম পূর্বপশ্চিমবিডি.নিউজের প্রতিষ্ঠাতাও ছিলেন পীর হাবিব।
সাংবাদিকতার পাশাপাশি লেখালেখিতেও ছিল তাঁর সরব উপস্থিতি। রাজনৈতিক ও সমসাময়িক বিষয়ে তাঁর কলাম পাঠকমহলে আলোচিত হতো। তাঁর উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘অফ দ্য রেকর্ড’, ‘এক্সক্লুসিভ’, ‘টক অব দ্য প্রেস’, ‘ভিউজ আনকাট’ ও ‘মন্দিরা’। উপন্যাসও লিখেছেন তিনি। তাঁর রচিত ‘জেনারেল ও কালো সুন্দরীরা’, ‘লজ্জাবতী’ এবং ‘বুনোকে লেখা প্রেমপত্র’ পাঠকের দৃষ্টি আকর্ষণ করে।
২০২২ সালের ৫ ফেব্রুয়ারি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন পীর হাবিবুর রহমান। দীর্ঘদিন ক্যানসার ও কিডনির জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুর আগে চিকিৎসার জন্য ভারতের মুম্বাইয়ে তাঁর অস্থিমজ্জা প্রতিস্থাপন করা হয়েছিল।
তাঁর জন্মদিনে সহকর্মী, শুভানুধ্যায়ী ও পাঠকদের কাছে আবারও স্মরণীয় হয়ে উঠছেন এই সাংবাদিক। তাঁর সংবাদ পরিবেশনের দক্ষতা, রাজনৈতিক বিশ্লেষণ এবং নিজস্ব লেখনশৈলী বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে।

































