বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
নুসরাতের বাড়িতে পেট্রল বোমার প্রমাণ মেলেনি

- সর্বশেষ আপডেট ০৭:৪৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 133

সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রল বোমা ব্যবহারের কোনো প্রাথমিক প্রমাণ পাওয়া যায়নি
কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রল বোমা ব্যবহারের কোনো প্রাথমিক প্রমাণ পাওয়া যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেও আগুনের সূত্রপাত হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্তের প্রাথমিক পর্যায়ে স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলের বিভিন্ন আলামতও পর্যালোচনা করা হয়েছে। এতে পেট্রল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ হওয়ার তথ্য পাওয়া যায়নি। দেয়ালেও পেট্রল বোমা ব্যবহারের কোনো চিহ্ন মেলেনি। কোনো প্রত্যক্ষদর্শীও পেট্রল বোমা নিক্ষেপের বিষয়ে তথ্য দেননি।
তিনি বলেন, ঘটনাস্থলের ছবি, দেয়াল ও অন্যান্য আলামত বিশ্লেষণে দেখা গেছে, বাড়িটি পুরোনো এবং এর বৈদ্যুতিক সংযোগ ও ওয়্যারিং দুর্বল ছিল। এ কারণে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেও আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।
সালাহউদ্দিন আহমদ জানান, বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল কিংবা খুব কম ব্যবহার করা হতো। সেখানে কেয়ারটেকারের জুতা তৈরির কিছু সরঞ্জাম ও কাপড় রাখা ছিল, যা আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় দুটি ছাগলও মারা গেছে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অগ্নিকাণ্ডের পেছনে কারও নাশকতামূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা পাওয়া গেলে এবং অধিকতর তদন্তে তা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।































