মোংলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন মৃত্যুফাঁদ

- সর্বশেষ আপডেট ০৫:৩০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 110
উপকূলীয় জনপদ মোংলার প্রায় দুই লাখ মানুষের চিকিৎসার প্রধান সরকারি ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অথচ চিকিৎসা নিতে এসে এখানেই এখন জীবনের ঝুঁকিতে পড়ছেন রোগীরা। হাসপাতালের ছাদ চুঁইয়ে পড়ছে পানি, দেয়াল ও পিলারের পলেস্তারা খসে বেরিয়ে এসেছে মরিচা ধরা রড। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। ভবনের অর্ধেকেরও বেশি অংশ ঝুঁকিপূর্ণ ঘোষণা করে পরিত্যক্ত করা হলেও বিকল্প ব্যবস্থা না থাকায় সেখানেই চলছে চিকিৎসাসেবা।
চার একর জমির ওপর নির্মিত ৫০ শয্যার এই হাসপাতালের জরাজীর্ণ অবস্থা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসক, নার্স, রোগী ও তাঁদের স্বজনেরা। যেকোনো সময় ভবনের অংশবিশেষ ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।
বৃহস্পতিবার সকালে সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, পুরুষ, মহিলা ও গাইনি ওয়ার্ডের বিভিন্ন স্থানে ছাদ থেকে পানি পড়ছে। মেঝেতে জমে আছে পানি। স্যাঁতসেঁতে পরিবেশের মধ্যে রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে। ছাদের পলেস্তারা খসে পড়েছে বিভিন্ন স্থানে। পানি পড়া ঠেকাতে কোথাও কোথাও রাখা হয়েছে বালতি।
গাইনি ওয়ার্ডে ভর্তি ৮৫ বছর বয়সী করিমন বেগম বলেন, দুই দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না। সব সময় ভয় হয়, কখন মাথার ওপর ছাদ ভেঙে পড়ে। সঙ্গে নাতি থাকায় আতঙ্ক আরও বেশি।
পাশের শয্যায় থাকা এক রোগীর স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি হাসপাতাল ভেবে চিকিৎসা নিতে এসেছেন। কিন্তু এখানকার অবস্থা দেখে মনে হচ্ছে ভূতের বাড়ি। এমন পরিবেশে সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়বে।
নাম প্রকাশ না করার শর্তে দায়িত্ব পালনরত এক নার্স বলেন, প্রতিদিন আতঙ্ক নিয়ে দায়িত্ব পালন করতে হয়। মাথার ওপর দিয়ে পানি পড়ে, দেয়াল থেকে বেরিয়ে আছে রড। কখন কী ঘটে, তা বলা যায় না। রোগীদের পাশাপাশি তাঁরাও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, ১৯৯৮ সালের ২৩ মে চার একর জমির ওপর ৩১ শয্যা নিয়ে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যাত্রা শুরু হয়। ২০০৬ সালের প্রথম দিকে হাসপাতালটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। তবে শয্যা বাড়লেও প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল বাড়েনি।
বর্তমানে ৫০ শয্যার এই হাসপাতালে চিকিৎসকের অনুমোদিত পদ ৩৮টি। এর বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ৯ জন। অর্থাৎ ২৯টি পদই শূন্য। পাশাপাশি নার্স, টেকনিশিয়ান ও অন্যান্য কর্মচারীর সংকটও রয়েছে।
মাত্র ৯ জন চিকিৎসক দিয়ে প্রতিদিন বহির্বিভাগে ২০০ থেকে ৩০০ রোগী এবং অন্তর্বিভাগে ১২০ থেকে ১৩০ জন ভর্তি রোগীকে চিকিৎসাসেবা দিতে হচ্ছে। ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি রোগী ভর্তি থাকায় অনেককে মেঝে, বারান্দা এমনকি চলাচলের জায়গায়ও থাকতে হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ২০১৬ সাল থেকে ভবনটির অবস্থা ক্রমেই খারাপ হতে শুরু করে। উপকূলীয় এলাকার লবণাক্ত আবহাওয়া ও দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণের অভাবে ভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে তিনটি ওয়ার্ডের ছাদ দিয়ে পানি পড়ার সমস্যা দেখা দেয়।
এ পরিস্থিতিতে প্রতিকারের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে আট থেকে ১০ বার লিখিতভাবে জানানো হয়েছে।
সর্বশেষ ২০২৫ সালের ১ জুলাই আবারও চিঠি দেওয়ার পর গোপালগঞ্জ, বাগেরহাট ও বরিশালের সমন্বয়ে গঠিত স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একটি প্রতিনিধিদল হাসপাতালটি পরিদর্শন করে। পরিদর্শন শেষে ভবনের বড় একটি অংশকে ঝুঁকিপূর্ণ ও ব্যবহারের অনুপযোগী ঘোষণা করে পরিত্যক্ত হিসেবে চিহ্নিত করা হয়।
কিন্তু পরিত্যক্ত ঘোষণা করলেও বন্ধ হয়নি সেখানে চিকিৎসাসেবা। নতুন ভবন নির্মাণ কিংবা বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় রোগীর চাপ সামলাতে ঝুঁকিপূর্ণ অংশেই রোগী ভর্তি করতে হচ্ছে। ফলে চিকিৎসক, নার্স, রোগী ও তাঁদের স্বজনদের প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা নিয়ে থাকতে হচ্ছে।
মোংলা পোর্ট পৌরসভাসহ উপজেলার প্রায় দুই লাখ মানুষের চিকিৎসার প্রধান সরকারি প্রতিষ্ঠান এই স্বাস্থ্য কমপ্লেক্স। শুধু মোংলা নয়, সুন্দরবনসংলগ্ন রামপাল, মোড়েলগঞ্জ ও শরণখোলার প্রত্যন্ত এলাকার মানুষও এখানে চিকিৎসা নিতে আসেন। বন্দরকেন্দ্রিক শ্রমিক, জেলে ও দিনমজুরদের বড় একটি অংশের চিকিৎসার নির্ভরতাও এই হাসপাতালের ওপর।
মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিন বলেন, চরম ঝুঁকির মধ্যে চিকিৎসাসেবা চালিয়ে যেতে হচ্ছে। ভবনটি যেকোনো সময় ধসে পড়তে পারে। বিষয়টি বিভিন্ন দপ্তরে বারবার জানানো হয়েছে। নতুন ভবন নির্মাণ ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। দ্রুত নতুন ভবন নির্মাণের অনুমোদন প্রয়োজন।
এলাকাবাসীর দাবি, মোংলা বন্দর, উপজেলা ও পৌর এলাকার গুরুত্ব বিবেচনায় ৫০ শয্যার হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নীত করতে হবে। একই সঙ্গে আধুনিক ও ঝুঁকিমুক্ত নতুন ভবন নির্মাণ করতে হবে। দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া না হলে প্রায় দুই লাখ মানুষের চিকিৎসাসেবা আরও সংকটে পড়বে। পাশাপাশি যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনায় প্রাণহানির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।































