ব্যানারে জিয়ার ছবি নেই, ‘জাতির পিতা’ সম্বোধনে হট্টগোল

- সর্বশেষ আপডেট ০৭:২৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / 109
জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভার ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। এ নিয়ে নির্ধারিত সময়ের প্রায় আধা ঘণ্টা পর শুরু হয় অনুষ্ঠান। পরে সভায় এক বক্তা শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ ও ‘বঙ্গবন্ধু’ বলে সম্বোধন করলে দ্বিতীয় দফায় উত্তেজনা ও হট্টগোল সৃষ্টি হয়।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।
প্রত্যক্ষদর্শী ও বিএনপির নেতা-কর্মীরা জানান, অনুষ্ঠানের মূল ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকার বিষয়টি প্রতিমন্ত্রীকে জানান বিএনপির নেতা-কর্মীরা। এ কারণে তিনি প্রথমে মঞ্চে ওঠেননি। পরে জেলা প্রশাসকসহ কর্মকর্তারা মূল ব্যানার নামিয়ে জিয়াউর রহমানের ছবি-সংবলিত একটি পোস্টার কসটেপ দিয়ে সেখানে সাঁটিয়ে দেন। এরপর মঞ্চে ওঠেন প্রতিমন্ত্রী। নির্ধারিত সময়ের প্রায় ৩০ মিনিট পর শুরু হয় আলোচনা সভা।
জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, জেলা প্রশাসক আল-মামুন মিয়া নিজেই আলোচনা সভার ব্যানার নির্ধারণ করেছিলেন। তবে ব্যানারে কী ছবি ছিল, সে বিষয়ে তাঁরা আগে থেকে অবগত ছিলেন না।
সভা শুরু হওয়ার পর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য দেন জিয়া পরিষদের জয়পুরহাট পৌর শাখার সাধারণ সম্পাদক মারুফ হাসান। বক্তব্যের একপর্যায়ে তিনি শেখ মুজিবুর রহমানকে একাধিকবার ‘জাতির পিতা’ ও ‘বঙ্গবন্ধু’ বলে সম্বোধন করেন। এতে সভাস্থলে হট্টগোল শুরু হয়।
এ সময় জেলা ছাত্রদলের সভাপতি একেএম গোলাম মাহফুজ শুভ উত্তেজিত হয়ে মঞ্চের ডায়াসের দিকে তেড়ে যান। একপর্যায়ে মারুফ হাসানকে ডায়াস থেকে সরিয়ে দেওয়া হয়। পরে পরিস্থিতি শান্ত হলে আবার আলোচনা শুরু হয়। তখন মঞ্চে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী।
ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব। তিনি বলেন, ফ্যাসিবাদের বিদায় হলেও প্রশাসনের মধ্যে এখনো ফ্যাসিবাদের দোসররা রয়ে গেছেন। তাঁরা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে বিতর্কিত করতে চান। ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে জেলা প্রশাসনকে আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান বলেন, ১৯ বছর পর তাঁরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করছেন। অথচ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানের ব্যানারেই তাঁর ছবি ছিল না। বিষয়টি দলের নেতা-কর্মীদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।
জেলা প্রশাসক আল-মামুন মিয়া বলেন, ইন্টারনেট থেকে ছবি সংগ্রহ করে ব্যানার তৈরি করা হয়েছিল। তবে এ ঘটনায় তিনি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় দুঃখ প্রকাশ করেন এবং ক্ষমা চান।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আব্দুল বারী অনুষ্ঠানের বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ঘটনাটি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়ে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসককে ঘটনা খতিয়ে দেখার নির্দেশ দেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার শাহনাজ বেগম, সিভিল সার্জন আল-মামুন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।































