হাসপাতালে সাদমান, দক্ষিণ আফ্রিকা সফরেও শঙ্কা

- সর্বশেষ আপডেট ০১:১৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- / 73
সিলেট টেস্টের দ্বিতীয় দিনে চোটের কারণে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশের ওপেনার সাদমান ইসলামকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল্ডিং করার সময় বাঁ পায়ের গোড়ালিতে চোট পান তিনি। ব্যথার কারণে দাঁড়াতে না পারায় স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নেওয়া হয়। পরে নেওয়া হয়েছে হাসপাতালে। চোটের অবস্থা জানতে তার এমআরআই করানো হবে।
ঘটনাটি ঘটে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ৭৮তম ওভারে। মেহেদী হাসান মিরাজের করা ওভারের প্রথম বলে আমির জাঙ্গু লেগ গ্লান্স করলে বলটি ফাইন লেগের দিকে যায়। বল আটকাতে দৌড়ে যান সাদমান। সীমানার কাছাকাছি গিয়ে বল থামানোর চেষ্টা করার সময় ঘাসে পিছলে পড়ে যান তিনি। এ সময় তার বাঁ পায়ের গোড়ালি মাটিতে আটকে মচকে যায়।
সঙ্গে সঙ্গে ব্যথায় মাঠে শুয়ে পড়েন এই ওপেনার। দ্রুত ছুটে আসেন দলের ফিজিও। বেশ কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও ব্যথা কমেনি। জুতা খুলে দেওয়ার পরও পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছিলেন না তিনি। পরে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় তাকে। এমনকি মাঠের বাইরে যাওয়ার পরও বসতে হয়েছে হুইলচেয়ারে।
বাংলাদেশ দলের ফিজিও বায়েজীদুল ইসলাম জানিয়েছেন, সাদমানের বাঁ পায়ের গোড়ালি মচকে গেছে। আপাতত তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চোটের বিস্তারিত জানতে এমআরআই স্ক্যান করানো হবে।
এই চোটে চলতি টেস্টে সাদমানের আর ব্যাটিংয়ে নামা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। চোট গুরুতর হলে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরেও তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে।
সাদমান ছিটকে গেলে বাংলাদেশের জন্য বাড়তি চাপ তৈরি হবে। কারণ, ক্রিকেটের নিয়ম অনুযায়ী কনকাশন বা মাথায় আঘাতজনিত চোটের ক্ষেত্রে নির্দিষ্ট শর্তে বদলি খেলোয়াড় নেওয়ার সুযোগ থাকলেও গোড়ালির চোটের ক্ষেত্রে পূর্ণাঙ্গ বদলি নেওয়া যায় না। ফলে সাদমান আর ব্যাটিং করতে না পারলে কার্যত ১০ জন নিয়েই লড়তে হবে বাংলাদেশকে।





























