নারী ক্রিকেটারদের যৌন হয়রানির প্রমাণ পেয়েছে বিসিবি

- সর্বশেষ আপডেট ০১:১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / 116
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়দের যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তদন্ত কমিটি। তবে ভুক্তভোগীদের পরিচয় ও গোপনীয়তা রক্ষায় তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান।
বুধবার (৪ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
বিসিবির আইনজীবী বলেন, তদন্ত প্রতিবেদনে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। তবে প্রতিবেদনটি প্রকাশ করা হলে হাইকোর্টের নির্দেশনা ও গোপনীয়তা রক্ষার নীতি লঙ্ঘিত হতে পারে। বিশেষ করে ভুক্তভোগীদের পরিচয় গোপন রাখার স্বার্থেই প্রতিবেদনটি প্রকাশ্যে আনা হবে না।
নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম যৌন হয়রানির অভিযোগে তদন্তে দোষী প্রমাণিত হওয়ার পর তাঁকে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করে বিসিবি।
এরপর ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানিয়ে অনেকটা গোপনেই হাইকোর্টের দুটি বেঞ্চে রিট করেন মঞ্জুরুল ইসলাম। ওই রিটের শুনানির সময় বিসিবির পক্ষ থেকে আদালতে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির বিষয়ে তদন্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়। সেখানেই তদন্তের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
বিসিবির আইনজীবী আরও জানান, কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে ২০০৯ সালের ১৪ মে হাইকোর্টের দেওয়া নির্দেশনার আলোকে বিসিবিও যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠন করেছে।

































