কিশোরগঞ্জে ডাকাতির প্রস্তুতি, গ্রেপ্তার চারজন

- সর্বশেষ আপডেট ০৬:৩৭:৩১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / 256
কিশোরগঞ্জের হোসেনপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ধাওয়া করে ময়মনসিংহের ভালুকা থানা এলাকার মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফরিদপুরের সদরপুর উপজেলার ইউনুস খান (৪৫), মানিকগঞ্জের শিবালয় উপজেলার মো. ইউসুফ হোসেন (৩৪), রংপুরের মিঠাপুকুর উপজেলার মো. ওয়াসিম মিয়া (৩৫) এবং বগুড়ার দোনাত এলাকার আবদুল মালেক ওরফে ছালেক (৫০)।
পুলিশ জানায়, হোসেনপুর উপজেলার পশ্চিম দ্বীপেশ্বর এলাকায় হোসেনপুর-গফরগাঁও সড়কের পাশে একটি পিকআপ নিয়ে ৮ থেকে ৯ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়ার নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে ময়মনসিংহের ভালুকা থানা এলাকার মহাসড়ক থেকে চারজনকে গ্রেপ্তার করে।
অভিযানে একটি চাইনিজ কুড়াল, একটি কিরিচ, একটি চাপাতি, একটি চাকু, একটি সুইচ গিয়ার, একটি রামদা, একটি স্মার্টফোন ও পাঁচটি বাটন ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।






























