রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান

- সর্বশেষ আপডেট ০২:২১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- / 98
পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য আনা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের আরও একটি চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি বিদ্যুৎকেন্দ্রে প্রবেশ করে। বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা বহরটির নিরাপত্তা নিশ্চিত করেন।
এর আগে চলতি মাসের ৩ অক্টোবর এবং ২৭ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের রিফুয়েলিং ও দ্বিতীয় ইউনিটের জন্য আনা পারমাণবিক জ্বালানির চালান প্রকল্প এলাকায় পৌঁছানোর কথা জানানো হয়।
দীর্ঘ প্রতীক্ষার পর গত ১১ অক্টোবর দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু হয়। কেন্দ্রটির কমিশনিং কার্যক্রমে এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। সেখান থেকে উৎপাদিত বিদ্যুৎ শিগগিরই জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
প্রকল্পটির দুটি ইউনিটের প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। অর্থাৎ, পূর্ণ সক্ষমতায় কেন্দ্রটি থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। ২০১৩ সালে শুরু হওয়া এ প্রকল্পটি রাশিয়ার সহযোগিতায় নির্মিত হচ্ছে। এর নির্মাণব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৩ হাজার কোটি টাকার বেশি।































