চরফ্যাশনে যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ
- সর্বশেষ আপডেট ০২:২৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / 80
ভোলার চরফ্যাশনে যুবদল নেতা ও আমিনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোবারক উল্লাহর ওপর হামলার প্রতিবাদে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ করেছেন তাঁর সমর্থকেরা। সোমবার (২৬ অক্টোবর) সকালে দুলারহাট-চরফ্যাশন আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে তাঁরা বিক্ষোভ করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে পারিবারিক জমিসংক্রান্ত একটি মামলার বিষয়ে হাইকোর্টে যাওয়ার পরামর্শ নিতে আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিক উল্লাহর বাড়িতে যান মোবারক উল্লাহ। সেখানে বসতুল্লাহ চৌমুনির জন্য একটি টিউবওয়েল দেওয়ার অনুরোধ জানান তিনি।
এ সময় জিটু নামের এক ব্যক্তি তাঁর কাছে ছয়টি টিউবওয়েল বিক্রির প্রস্তাব দেন। এ জন্য মোবারক উল্লাহ তাঁকে ১৮ হাজার টাকা দেন। পরে আরও ছয়টি টিউবওয়েল দেওয়ার কথা বলে জিটু আরও ১৮ হাজার টাকা নেন। মোট ৩৬ হাজার টাকা দেওয়ার পরও দুই মাসে টিউবওয়েল কিংবা টাকা ফেরত পাননি বলে অভিযোগ করেছেন মোবারক উল্লাহ।
তাঁর সমর্থকদের ভাষ্য, গত রোববার দুলারহাট বাজারের বাসস্ট্যান্ড এলাকায় জিটুকে দেখতে পেয়ে পাওনা টাকা ফেরত চান মোবারক উল্লাহ। এ সময় ক্ষিপ্ত হয়ে জিটু ও তাঁর সহযোগীরা তাঁর ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন।
হামলার খবর ছড়িয়ে পড়লে তাঁর সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার সকালে তাঁরা দুলারহাট-চরফ্যাশন আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন আলম চৌধুরী জানান, এ ঘটনায় মোবারক উল্লাহর ভাই আনোয়ার উল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামাসহ ২০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস পেয়ে আন্দোলনকারীরা অবরোধ তুলে নিয়েছেন। বর্তমানে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।






























