পলাশে বিএনপি কার্যালয় ভাঙচুর-গুলি, এলাকায় উত্তেজনা

- সর্বশেষ আপডেট ০৯:৪৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
- / 182
নরসিংদীর পলাশ উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের চৌয়া গ্রামে বিএনপির একটি কার্যালয়ে হামলা ও ভাঙচুর, গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি এবং নেতাকর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতির ছেলে রাফি উদ্দিন সুজনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাঁর সঙ্গে যুবলীগ নেতা ইকবালের সংশ্লিষ্টতা রয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত বুধবার বিকেলে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এর জেরে মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন ওরফে ভিপি মনিরের উদ্যোগে চৌয়া গ্রামে নির্মিত বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, রাফি উদ্দিন সুজনের লোকজন কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় কার্যালয়ের ভেতরে থাকা ভিপি মনিরের সমর্থক মাছুম মিয়াকে মারধর করা হয়। হামলাকারীরা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থল ত্যাগ করেন বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
মাছুম মিয়া জানান, তিনি চৌয়া গ্রামের বিএনপি কার্যালয়টি দেখাশোনা করেন। ঘটনার সময় কার্যালয়ের ভেতরে শুয়ে ছিলেন তিনি। এ সময় একদল লোক এসে কার্যালয়ে ভাঙচুর চালায় এবং তাঁকে অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ করেন তিনি।
এ ছাড়া ভিপি মনিরের সমর্থক রাছেল নামে এক কর্মীকেও মারধর করা হয়েছে বলে জানা গেছে। হামলার সময় আশপাশের বাড়িঘরে থাকা নারী-পুরুষের ওপরও আক্রমণের অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে কয়েকজন আহত হয়েছেন বলে তাঁদের দাবি।
স্থানীয়দের আশঙ্কা, এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ হতে পারে। তাঁদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শনাক্ত করতে হবে। পাশাপাশি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো, অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং নিরপরাধ কাউকে হয়রানি না করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, বুধবারের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে সেখানে গিয়ে কোনো অভিযুক্তকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখনো কেউ থানায় মামলা করতে আসেননি বলে জানান তিনি।

































