কীর্তিনাশা নদীর তীরে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

- সর্বশেষ আপডেট ০১:৪৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- / 103
শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নে কীর্তিনাশা নদীর পাড় থেকে অজ্ঞাতপরিচয় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক তিন বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে ইউনিয়নের পশ্চিম ভাষানচর এলাকায় চান মিয়া হাওলাদারের বাড়ির পশ্চিম পাশে নদীর দক্ষিণ তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নদীর পাড়ে পানিতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
আংগারিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মতিউর রহমান বলেন, ৯৯৯-এ খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শিশুটির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।






























