সৈয়দপুরে বাস থামিয়ে শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রী
- সর্বশেষ আপডেট ১১:৪৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / 22
রংপুর সফরে যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের দেখে গাড়িবহরের বাস থামান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন, সেলফি তোলেন এবং তাদের হাতে ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী তুলে দেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে সামরিক বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে বাসযোগে রংপুরের উদ্দেশে যাত্রা করেন তিনি। পথে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে শিক্ষার্থীদের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বাস থামানোর নির্দেশ দেন।
বাস থেকে নেমে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সঙ্গে সেলফি তোলেন। এ সময় ক্রীড়া সামগ্রী উপহার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে।
সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিমানবন্দর থেকে রংপুর যাওয়ার পথে শিক্ষার্থীদের দেখে প্রধানমন্ত্রী নিজেই বাস থামান। তিনি কিছু সময় শিক্ষার্থীদের সঙ্গে কাটান এবং তাদের খেলাধুলার সামগ্রী উপহার দেন।
অধ্যক্ষ আরও জানান, এ সময় কলেজের অবকাঠামোগত সমস্যাগুলো প্রধানমন্ত্রীর নজরে আনা হয়। বিশেষ করে শিক্ষার্থীদের আবাসনসংকট দূর করতে দুটি নতুন ছাত্রাবাস ও একটি হলরুম নির্মাণের দাবি জানিয়ে তাঁর কাছে লিখিত আবেদন হস্তান্তর করা হয়েছে।






























