নীলফামারীতে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত
- সর্বশেষ আপডেট ০৭:০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / 56
নীলফামারীতে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির। এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি সোহায়েল পারভেজ, জেলা কালচারাল অফিসার নুসরাত তাবাসসুম রিমুসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, সাংস্কৃতিক কর্মী ও সুধীজন।
সভায় বক্তারা বলেন, ফকির লালন সাঁই ছিলেন মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার সাধক। জাতি, ধর্ম ও বর্ণের বিভেদ অতিক্রম করে তিনি মানুষের জয়গান গেয়েছেন। তাঁর দর্শন ও গান আজও মানুষকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে অনুপ্রেরণা জোগায়।
অনুষ্ঠানে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।






























