বান্দরবানে লেবুর বস্তায় ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

- সর্বশেষ আপডেট ০৩:৩৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / 183
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে লেবুভর্তি দুটি পরিত্যক্ত বস্তা থেকে ৯৯ হাজার ৬৪০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে উপজেলার আদর্শগ্রাম চেকপোস্টের কাছাকাছি একটি স্টিলের ব্রিজের নিচে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় বিশেষ টহল দল আদর্শগ্রাম চেকপোস্টসংলগ্ন স্টিলের ব্রিজের নিচে তল্লাশি চালায়। এ সময় সেখানে লেবুভর্তি দুটি বস্তা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে বিজিবি সদস্যদের সন্দেহ হয়। পরে বস্তা দুটি তল্লাশি করে ৯৯ হাজার ৬৪০ পিস বার্মিজ ইয়াবা পাওয়া যায়।
তবে ঘটনাস্থলে মাদকের কোনো মালিক বা পাচারকারীকে পাওয়া যায়নি। উদ্ধার করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং মাদক পাচার বন্ধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে বিজিবি। সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।






























