বকেয়া বেতন নিয়ে তালবাহানা
মহাসড়ক অবরোধ, শ্রমিকদের সরাতে সাউন্ড গ্রেনেড

- সর্বশেষ আপডেট ১১:১৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / 147
গাজীপুরের শ্রীপুরে সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সি স্টেজ বিডি লিমিটেডের শ্রমিকরা। এ সময় শ্রমিকদের সরাতে কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিল্প পুলিশ। এতে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুরের মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করেনি কারখানা কর্তৃপক্ষ। এর মধ্যে বৃহস্পতিবার কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করায় ক্ষুব্ধ হয়ে তাঁরা মহাসড়কে নেমে আসেন।
শ্রমিক তরিকুল, মাহফুজ ও হাসমত আলী জানান, গত ১০ অক্টোবর বকেয়া বেতনের দাবিতে আন্দোলনের পর কারখানা কর্তৃপক্ষ ১৩ অক্টোবর সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধের আশ্বাস দিয়েছিল। কিন্তু নির্ধারিত দিনে বেতন দেওয়া হয়নি। বুধবারও বেতন না পেয়ে তাঁরা হতাশ হন। এর মধ্যে বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করা হলে তাঁরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করে। পাশাপাশি বকেয়া বেতন পরিশোধের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দেওয়া হয়। তবে শ্রমিকরা অবরোধ চালিয়ে গেলে পরে কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন পিপিএম বলেন, সি স্টেজ বিডি লিমিটেডের শ্রমিকরা সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছিলেন। মালিকপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দিয়ে তাঁদের সরে যেতে বলা হলেও তাঁরা অবরোধ অব্যাহত রাখেন। পরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেওয়া হয়।
তিনি আরও বলেন, মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বেতন পরিশোধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কারখানা থেকে মেশিনপত্র সরিয়ে নেওয়ার বিষয়ে শ্রমিকদের অভিযোগ সঠিক নয় বলে জানান তিনি।





























