নিউ গিনি প্রপার্টিজে হামলা: প্রধান আসামির জামিন

- সর্বশেষ আপডেট ১১:৫৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / 162
রাজধানীর দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের প্রকল্পে হামলা, গোলাগুলি, ভাঙচুর ও লুটপাটের মামলায় প্রধান আসামি শাহরিয়ার মাহমুদ জামিন পেয়েছেন। ১০ হাজার টাকা মুচলেকায় আগামী ধার্য তারিখ পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন শাখা সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস শুনানি শেষে এ আদেশ দেন।
গত ২৬ সেপ্টেম্বর মধ্যরাতে ক্যান্টনমেন্ট থানা এলাকার দক্ষিণ মানিকদীতে অবস্থিত নিউ গিনি প্রপার্টিজের প্রকল্পে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রকল্পের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ২৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, পূর্বশত্রুতার জেরে আসামিরা আগ্নেয়াস্ত্র, শটগান, রিভলবার, চাপাতি, রামদা ও লাঠিসোঁটা নিয়ে প্রকল্পে প্রবেশ করেন। এ সময় প্রায় ৫০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার মো. পারভেজ ও নিরাপত্তাকর্মীদের মারধর করে আহত করার অভিযোগও রয়েছে।
এজাহারে আরও বলা হয়, হামলাকারীরা প্রকল্পের প্রধান ফটক, কাচের দরজা ও বিভিন্ন আসবাব ভাঙচুর করেন। পাশাপাশি অফিসের কম্পিউটার, মনিটর, ফ্রিজ, টেলিভিশন ও আলমারিসহ বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত করা হয়। অফিসের লকার ভেঙে নগদ ২৫ লাখ টাকা, বিভিন্ন মাপের ২০০ ফুট তার, ২৩ টন রড এবং ফ্ল্যাট মালিকের একটি স্কুটার নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
মামলায় প্রকল্পে ভাঙচুর ও লুটপাটে বিপুল আর্থিক ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া প্রকল্পের পাঁচ হাজার বর্গফুটের একটি ফ্লোরে থাকা সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিশ স্টুডিও’তে অনধিকার প্রবেশ করে দুটি টেলিভিশন, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র, আসবাব এবং শুটিং ও কারিগরি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।
মামলায় শাহরিয়ার মাহমুদসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অন্য আসামিরা হলেন মো. আবুল কাশেম, মো. বাবুল হোসেন, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী, মোহাম্মদ সাহিনুজ্জামান, মো. মতিউর রহমান, মজিবুর রহমান, নুরুল ইসলাম, মিজানুর রহমান, এমকে আজাদ, মো. মামুন, মো. আসলাম ও মুন্না। তাঁদের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
































