সৌদির আকাশপথে অচলাবস্থা, বাতিল ৯৯.৭% ফ্লাইট

- সর্বশেষ আপডেট ০৮:৫৩:৪০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / 136
ইয়েমেনের ইরানপন্থী হুতিদের ধারাবাহিক হামলার পর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্থগিত রাখার মেয়াদ বাড়ানো হয়েছে। নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে দেশটির বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। রোববার (১১ অক্টোবর) বিমানবন্দরটির নির্ধারিত ফ্লাইটের ৯৯ দশমিক ৭ শতাংশ বাতিল করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সৌদি কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরের স্থাপনাগুলোর নিরাপত্তা এবং পুনরায় কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌদি আরবের জেদ্দার পর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর দেশটির দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর।
প্রতিবেদন অনুযায়ী, শনিবারের হামলার পর থেকেই বিমানবন্দরটি বন্ধ রয়েছে। ওই হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন। এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদি আরবে এটিকে সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে উল্লেখ করা হয়েছে। রোববারের আরেকটি হামলায় একজন নিহত এবং প্রায় এক ডজন মানুষ আহত হন।
বিমান চলাচল বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিরিয়ামের তথ্য অনুযায়ী, রোববার রিয়াদের বিমানবন্দরের নির্ধারিত ফ্লাইটের ৯৯ দশমিক ৭ শতাংশ বাতিল করা হয়। ফ্লাইটরাডার২৪-এর পর্যবেক্ষণ ব্যবস্থাতেও ওই সময় শহরটির আকাশে কোনো উড়োজাহাজ দেখা যায়নি।
বিমান চলাচলে এই অচলাবস্থার প্রভাব পড়েছে আন্তর্জাতিক রুটেও। ইউরোপ ও এশিয়ার বিভিন্ন এয়ারলাইন সৌদি আরবগামী ও দেশটি থেকে ছেড়ে যাওয়া ফ্লাইট স্থগিত করেছে। সৌদি আরব এবং দেশটির আকাশসীমা ব্যবহার করে উড়োজাহাজ পরিচালনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। রোববার মার্কিন এয়ারলাইনগুলোকে এ পরামর্শ দেওয়া হয়।
জার্মানির লুফথানসা গ্রুপ আগামী ১৬ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী ও রিয়াদ থেকে ছেড়ে যাওয়া সব ফ্লাইট বাতিল করেছে। এয়ার ফ্রান্স-কেএলএম সৌদি রাজধানীতে ফ্লাইট স্থগিত রাখার সময়সীমা বাড়িয়ে অক্টোবরের শেষ পর্যন্ত করেছে।
আবুধাবিভিত্তিক ইতিহাদ এয়ারওয়েজও সৌদি আরবগামী ফ্লাইট বাতিলের মেয়াদ বাড়িয়েছে। এর ফলে সোমবার ও মঙ্গলবার রিয়াদ, জেদ্দা ও দাম্মামগামী এবং এসব শহর থেকে ছেড়ে যাওয়া প্রায় ২০টি ফ্লাইট প্রভাবিত হয়েছে।
হুতিদের সঙ্গে সংঘাত তীব্র হওয়ায় সৌদি আরবের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ বাড়ছে। তেল খাতের কার্যক্রম কমে যাওয়া ও অন্যান্য প্রভাবের কারণে চলতি বছর দেশটির প্রকৃত মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৩ দশমিক ৬ শতাংশ সংকুচিত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
এদিকে হামলার প্রভাব পড়েছে রিয়াদে চলতি মাসে নির্ধারিত আন্তর্জাতিক অনুষ্ঠানগুলোতেও। সৌদি আরবের প্রধান বিনিয়োগ সম্মেলন এবং ডব্লিউপিসি এনার্জি কংগ্রেস আয়োজন নিয়ে চাপ তৈরি হয়েছে। এসব অনুষ্ঠানের কর্মসূচি থেকে কয়েকজন শীর্ষ তেল নির্বাহীর নামও বাদ দেওয়া হয়েছে।
































