শিশির মনিরকে বহিষ্কারের দাবি রাশেদের

- সর্বশেষ আপডেট ০৮:২৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / 120
শহীদ আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করায় অ্যাডভোকেট শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের উজির আলী স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন রাশেদ খাঁন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ দাবি জানান।
রাশেদ খাঁন বলেন, আবরার ফাহাদের হত্যার বিচারের দাবিতে গতকাল বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠন রাজপথে কর্মসূচি পালন করেছে। ছাত্রদল, ছাত্র অধিকারসহ বিভিন্ন সংগঠনের পাশাপাশি শিবির ও এনসিপিও কর্মসূচিতে অংশ নিয়েছে।
তিনি বলেন, আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিদের পক্ষে আইনজীবী ছিলেন শিশির মনির। তিনি একজন পরিচিত আইনজীবী এবং জামায়াতের মনোনীত এমপি প্রার্থী ছিলেন। জামায়াতের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতেও তাকে দেখা গেছে। এমন অবস্থায় শিবির কীভাবে আবরার ফাহাদের হত্যার বিচারের দাবিতে রাজপথে কর্মসূচি পালন করে, সেটি নিয়ে প্রশ্ন রয়েছে।
রাশেদ খাঁন আরও বলেন, শিশির মনির যখন আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিপক্ষের আইনজীবী হয়েছিলেন, তখন জামায়াত তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছিল, সেটিও পরিষ্কার হওয়া দরকার। তার দাবি, একদিকে হত্যার আসামিদের পক্ষে আইনজীবী হিসেবে দাঁড়ানো এবং অন্যদিকে হত্যার বিচারের দাবিতে আন্দোলন করা; এ ধরনের অবস্থান রাজনৈতিক দ্বিচারিতা।
তিনি বলেন, জামায়াত ও শিবির যদি শিশির মনিরকে দল থেকে বহিষ্কার না করে, তাহলে ভবিষ্যতে আবরার ফাহাদের মতো হত্যাকাণ্ডের বিচারের দাবিতে তাদের আয়োজিত কর্মসূচিতে পরিবারের সদস্যদের নৈতিকভাবে অংশ নেওয়ার সুযোগ থাকে না।
রাশেদ খাঁনের ভাষ্য, একদিকে শিশির মনির হত্যাকাণ্ডের আসামিদের পক্ষে আইনি লড়াই করেছেন, অন্যদিকে ডাকসুর ভিপি সাদিক কায়েম আবরার ফাহাদের হত্যার বিচারের দাবিতে কর্মসূচি আয়োজন করছেন। তিনি বলেন, অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে এ ধরনের ‘দ্বিচারী রাজনীতির’ কোনো সুযোগ থাকা উচিত নয়।































