চরফ্যাশনে ৩৫ হাজার জেলের মাঝে ভিজিএফের চাল
- সর্বশেষ আপডেট ০৭:৩২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / 68
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে দেশব্যাপী ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এ সময়ে জীবিকা সংকটে পড়া প্রান্তিক জেলেদের সহায়তায় ভোলার চরফ্যাশনে বিশেষ মৎস্য ভিজিএফ কর্মসূচির আওতায় সরকারি চাল বিতরণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার জিন্নাগড় ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ। পরিচয়পত্র ও ভিজিএফ কার্ড যাচাই শেষে প্রত্যেক জেলের হাতে ২৫ কেজি করে চাল তুলে দেওয়া হয়।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, চলতি বছর চরফ্যাশনের নিবন্ধিত ৩৫ হাজার ৬৫৬ জন প্রান্তিক জেলে ও মাঝি-মাল্লার জন্য ২৫ কেজি করে মোট ৮৯১ দশমিক ৪ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার।
চাল পেয়ে জিন্নাগড় ইউনিয়নের জেলে হারুন মোল্লা বলেন, দীর্ঘদিন নদীতে ইলিশের তেমন দেখা মেলেনি। এখন ইলিশ আহরণের সম্ভাবনাময় সময় হলেও মা ইলিশ রক্ষায় সরকারি নির্দেশনা মেনে মাছ ধরা থেকে বিরত রয়েছেন তারা। নিষেধাজ্ঞার সময়ে জাল ও নৌকা মেরামতের কাজ করবেন। সরকারি খাদ্যসহায়তা এই সংকটের সময়ে তাদের কিছুটা স্বস্তি দেবে বলে জানান তিনি।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও ইউনিয়ন প্রশাসক জয়ন্ত কুমার অপু বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে বিশেষ মৎস্য ভিজিএফ কর্মসূচির আওতায় জেলেদের মধ্যে চাল বিতরণ শুরু হয়েছে। নিষেধাজ্ঞার সময়ে জেলেরা যাতে খাদ্যসংকটে না পড়েন, সে লক্ষ্যেই এ সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে চলতে জেলেদের সচেতন করা হচ্ছে।
ইউএনও রুমানা আফরোজ বলেন, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞা বাস্তবায়নের পাশাপাশি ক্ষতিগ্রস্ত জেলেদের খাদ্যসহায়তা দেওয়া হচ্ছে। চরফ্যাশনের তালিকাভুক্ত জেলেদের জন্য বরাদ্দ করা ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে। নিষেধাজ্ঞার সময়ে সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি।
সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অনুযায়ী, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসন, কোস্ট গার্ড ও নৌ পুলিশের যৌথ অভিযান এবং বিশেষ টহল অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় মৎস্য বিভাগ।



































