শিরোনাম
পদ্মায় জেলের বড়শিতে ধরা পড়ল কুমির
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
- সর্বশেষ আপডেট ০১:৫৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / 8
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে জেলেদের বড়শিতে একটি কুমির ধরা পড়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের কাজীবাড়ি ঘাট এলাকায় কুমিরটি ধরা পড়ে। বিষয়টি জানাজানি হলে কুমিরটি দেখতে শতাধিক মানুষ ঘাট এলাকায় ভিড় করেন।
জানা গেছে, পদ্মা নদীতে স্বপন বেপারী (৪০), সাগর বেপারী (৪৮), বিল্লাল খান (৬০) ও শেখ ইলিয়াস (৪০) নদীতে হাজারী বড়শি বসিয়ে মাছ ধরছিলেন। এসময় তাদের বড়শিতে আটকা পড়ে ওই কুমিরটি। পরে তারা এটিকে উদ্ধার করে রশি দিয়ে বেঁধে ঘাটের পাড়ে নিয়ে আসেন।
চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ জানান, বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে। তারা এসে ওই কুমিরটি উদ্ধার করে নিয়ে যাবেন।

































