কিশোরগঞ্জে সাড়ে ৪ লাখ পরিবার পাবে ভিজিএফের চাল
- সর্বশেষ আপডেট ০৮:০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- / 307
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ জেলার গরিব, দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় বিনামূল্যে চাল বিতরণ করবে সরকার। জেলার ১৩টি উপজেলা ও ৮টি পৌরসভার মোট ৪ লাখ ৫৫ হাজার ৫৬টি পরিবার এই সহায়তার আওতায় আসবে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, এসব পরিবারের জন্য মোট ৪ হাজার ৫৫০ দশমিক ৫৬ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি পরিবার ঈদের আগেই ১০ কেজি করে চাল পাবে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বদরুদ্দোজা জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় ঈদুল ফিতর উপলক্ষে এই বরাদ্দ দেওয়া হয়েছে। জেলার ১৩টি উপজেলার ১০৮টি ইউনিয়ন ও ৮টি পৌরসভার মাধ্যমে উপকারভোগীদের মধ্যে এই চাল বিতরণ করা হবে।
তিনি আরও জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার প্রশাসকরা উপকারভোগীদের তালিকা প্রস্তুত করবেন এবং উপজেলা কমিটির তত্ত্বাবধানে চাল বিতরণ করা হবে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, খাদ্যসংকটে থাকা মানুষ, দিনমজুর, গৃহহারা এবং অসচ্ছল প্রতিবন্ধীরা অগ্রাধিকার ভিত্তিতে এই সহায়তা পাবেন।
ইতোমধ্যে জেলার হোসেনপুর উপজেলায় ইউনিয়নভিত্তিক চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে গোবিন্দপুর ইউনিয়নে ৭ হাজার ৪৪৪ জনের জন্য ৭৪.৪৪ মেট্রিক টন, জিনারী ইউনিয়নে ৪ হাজার ৬৮১ জনের জন্য ৪৬.৮১ মেট্রিক টন, সিদলা ইউনিয়নে ৬ হাজার ৩৪৭ জনের জন্য ৬৩.৪৭ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া আড়াইবাড়িয়া ইউনিয়নে ২ হাজার ৪৭ জনের জন্য ২০.৪৭ মেট্রিক টন, শাহেদল ইউনিয়নে ৩ হাজার ৭৬৭ জনের জন্য ৩৭.৬৭ মেট্রিক টন এবং পুমদী ইউনিয়নে ৫ হাজার ৯৫৪ জনের জন্য ৫৯.৫৪ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
অন্যদিকে হোসেনপুর পৌরসভার ৩ হাজার ৮৫ জন উপকারভোগীর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৩০.৮৫ মেট্রিক টন চাল।
হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা জানান, ভিজিএফের চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম বা কারচুপি সহ্য করা হবে না। প্রত্যেক কার্ডধারী হতদরিদ্র পরিবার সঠিক মাপে ১০ কেজি করে চাল পাবে তা নিশ্চিত করা হবে।
জেলা প্রশাসন জানিয়েছে, ঈদের আগেই জেলার সব উপজেলায় ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন করা হবে, যাতে দরিদ্র পরিবারগুলো আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে।






























