মিথ্যা সাক্ষী না দেওয়ায় খুন, বাশারের সন্তানদের পাশে গ্রামবাসী
- সর্বশেষ আপডেট ০৩:২৯:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / 78
ভোলার চরফ্যাশনে মিথ্যা সাক্ষী দিতে রাজি না হওয়ায় খুন হওয়া গরু ব্যবসায়ী আবুল বাশার পণ্ডিতের পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় গ্রামবাসী। নিহতের দুই ছেলে ও এক মেয়ের পড়াশোনার যাবতীয় ব্যয়ভার বহনের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
হত্যাকাণ্ডের ১০ দিন পর মঙ্গলবার (৬ অক্টোবর) নজরুল নগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বাশারের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। এ সময় তারা পরিবারটির হাতে পোশাক, চাল, ডাল, তেল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন।
স্থানীয়রা জানান, বাশার ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাকে হারিয়ে পরিবারটি অসহায় হয়ে পড়েছে। তার সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে তাদের লেখাপড়ার দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, একটি মামলায় মিথ্যা সাক্ষী দিতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে বাশারের সঙ্গে বিরোধ তৈরি হয়। গত ২৬ সেপ্টেম্বর মোবাইল ফোনে ডেকে নিয়ে তাকে নেশাজাতীয় দ্রব্য খাওয়ানোর পর গলা কেটে হত্যা করা হয় বলে পরিবারের অভিযোগ। নিখোঁজের পরদিন ২৭ সেপ্টেম্বর নজরুল নগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে দক্ষিণ আইচা থানা পুলিশ।
এ ঘটনায় নিহতের বাবা আবুল কাশেম বাদী হয়ে দক্ষিণ আইচা থানায় হত্যা মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে গৃহবধূ সালমা বেগম ও তার স্বামী সাইদুল ইসলাম জমাদারকে গ্রেপ্তার করেছে।
গ্রামবাসীরা হত্যাকাণ্ডে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি বাশারের সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষায় প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার কথা জানান তারা।

































