দাবি জিএমপি কমিশনারের
প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন সাজানো নাটক
- সর্বশেষ আপডেট ০৪:০২:১৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / 43
গাজীপুরের কোনাবাড়ীতে আদালত থেকে কারাগারে ফেরার পথে শীর্ষ সন্ত্রাসী ‘পিচ্চি রাজা’র প্রিজনভ্যান থেকে পালানোর ঘটনা সাজানো নাটক ছিল বলে জানিয়েছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)। পুলিশের দাবি, টাকার বিনিময়ে কয়েকজন পুলিশ সদস্যের সহায়তায় পরিকল্পিতভাবে তাকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে জিএমপির সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার।
পুলিশ কমিশনার জানান, গত ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে ঢাকা জেলা জজ কোর্ট থেকে ২৯ জন আসামিকে প্রিজনভ্যানে করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হচ্ছিল। পথে কোনাবাড়ী থানার বাইমাইল এলাকার পশ্চিম পাশে হাজতি বন্দি পিচ্চি রাজা (৩৪) পালিয়ে যায়। এ ঘটনায় কোনাবাড়ী থানায় দণ্ডবিধির ২২৪ ধারায় মামলা করা হয়। পরে মামলাটির তদন্তভার জিএমপির ডিবি দক্ষিণ বিভাগকে দেওয়া হয়।
ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে প্রিজনভ্যানের সঙ্গে থাকা এসআই প্রবীর কুমার, কনস্টেবল মো. জাকির হোসেন, মো. সাকিব, শাকিল হোসেন এবং ভ্যানচালক নায়েক কামাল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।
তদন্তের বরাত দিয়ে পুলিশ কমিশনার বলেন, আদালত থেকে ফেরার পথে পুরান ঢাকার তাঁতীবাজারে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে প্রিজনভ্যানটি থামানো হয়। সেখানে স্কট পার্টির ইনচার্জ এসআই প্রবীর কুমার বিশ্বাস চালক নায়েক কামাল হোসেনের কাছ থেকে ভ্যানের চাবি নিয়ে পিচ্চি রাজা ও আরেক হাজতি খাইরুল বাশারকে নামিয়ে আনেন।
পরে খাইরুল বাশারকে ভ্যানের সামনের অংশে রাখা হলেও পিচ্চি রাজা ও এসআই প্রবীর আর ভ্যানে ওঠেননি। পুলিশের দাবি, আগে থেকে অপেক্ষমাণ একটি প্রাইভেটকারে করে পিচ্চি রাজাকে পালিয়ে যেতে সহায়তা করা হয়। এরপর কোনাবাড়ী এলাকায় তার পলায়নের একটি ভিন্ন ঘটনা সাজানো হয়।
তদন্তে পাওয়া সাক্ষ্য, আলামত ও অন্যান্য তথ্যের ভিত্তিতে পিচ্চি রাজার বোন তাসলিমা, এসআই প্রবীর কুমার ও প্রিজনভ্যানের চালক নায়েক কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। কামাল হোসেনের বাড়ি থেকে ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ কমিশনার বলেন, পিচ্চি রাজাকে গ্রেপ্তারে অভিযান চলছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।































