অভিনয়ে ফেরার অপেক্ষায় তানিয়া বৃষ্টি
- সর্বশেষ আপডেট ১২:৩৭:১৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- / 47
মস্তিষ্কের টিউমারের চিকিৎসা ও দীর্ঘ বিশ্রামের পর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। বর্তমানে তার কেমোথেরাপি চলছে। চিকিৎসা শেষে আবারও অভিনয়ে ফেরার অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে ফেসবুক লাইভে এসে নিজের শারীরিক অবস্থার কথা জানান তানিয়া বৃষ্টি। ভক্তদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অসুস্থ ছিলাম। এখন অনেকটা ভালো আছি। কেমোথেরাপি চলছে। ছয় মাসের মধ্যে তিন মাস শেষ হয়েছে, এখন চতুর্থ মাসের কেমো চলছে।’
তানিয়া জানান, আরও দুই মাস কেমোথেরাপি নেওয়ার পর কয়েকটি পরীক্ষা করা হবে। সেসব পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসকেরা তার পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
চিকিৎসার পাশাপাশি বর্তমানে মানসিক প্রশান্তির জন্য ঢাকার কাছাকাছি একটি রিসোর্টে সময় কাটাচ্ছেন তানিয়া বৃষ্টি। গ্রামীণ পরিবেশের শান্ত-স্নিগ্ধ আবহে নিজেকে মানসিকভাবে চাঙ্গা করে তোলার চেষ্টা করছেন তিনি। দীর্ঘদিন পর ফেসবুক লাইভে তার সরব উপস্থিতি ভক্তদের মধ্যেও স্বস্তি ও আশার সঞ্চার করেছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার মস্তিষ্কে টিউমার শনাক্ত হয়। একই মাসে অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়।
এরপর উন্নত চিকিৎসার জন্য গত ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান তিনি। সেখানে আরও একটি অস্ত্রোপচার করা হয়। দীর্ঘ চিকিৎসা শেষে এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফেরেন এই অভিনেত্রী। এরপর থেকে চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে বিশ্রাম ও চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তিনি।
এখন কেমোথেরাপির পাশাপাশি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন তানিয়া। চিকিৎসা শেষ করে সুস্থ হয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়ানোর অপেক্ষায় রয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
































