স্বামীকে মদপান করিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

- সর্বশেষ আপডেট ০১:২৩:৪২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / 88
ময়মনসিংহের হালুয়াঘাটে এক নারীর স্বামীকে মদপান করানোর পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে শাহজাহান (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গত রোববার সন্ধ্যায় উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের কড়াইতলী গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী নারী হালুয়াঘাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
পুলিশ জানায়, প্রায় পাঁচ বছর আগে ওই নারীর বিয়ে হয়। তাদের পাঁচ বছরের একটি ছেলে রয়েছে। নিজেদের বাড়িঘর না থাকায় তারা অন্যের বাড়ির বারান্দার একটি কক্ষে বসবাস করেন। ওই নারীর স্বামী মাদকাসক্ত বলে জানিয়েছে পুলিশ।
অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘটনার দিন শাহজাহান ও ওই নারীর স্বামী স্থানীয় একটি বাড়িতে গিয়ে মদ পান করেন। পরে সন্ধ্যায় তারা একসঙ্গে ওই নারীর থাকার জায়গায় যান। একপর্যায়ে তার স্বামী সেখান থেকে চলে গেলে শাহজাহান কক্ষে ঢুকে ওই নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
ওই নারীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে শাহজাহান পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি মামলা হিসেবে নেওয়ার প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
ওসি বলেন, শাহজাহান ও ওই নারীর স্বামী দুজনই মাদকাসক্ত এবং তারা একসঙ্গে মদ পান করতেন। তাদের কারও স্থায়ী বাড়িঘর নেই। স্বামী অন্যত্র চলে যাওয়ার সুযোগে ওই নারীকে ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।





























